ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলেই এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশল নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগে ঝুঁকিপূর্ণ থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, জরিপে পরিদর্শন করা স্থানগুলোর প্রায় ৫০ শতাংশে বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। তবে শুধু প্রচারণার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পানি জমার স্থানসহ কোথাও যাতে পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও নাগরিকদের প্রত্যেকের ৫০ শতাংশ করে দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন প্রশাসক। এ সময় জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান প্রবণতা: প্রতিরোধ ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় মশক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল’। এতে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ (পিআরএল) মো. রেজাউল করিম খান।
সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তাঁরা। কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।