পঞ্চগড় এক্সপ্রেসে যাত্রীসেবার বেহাল দশা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

ঢাকা-পঞ্চগড় রেলপথে চলাচলকারী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাত্রীসেবার মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অপরিচ্ছন্ন বগি, পর্যাপ্ত পানির অভাব, জনবল সংকট এবং ট্রেন ছাড়তে দীর্ঘ বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর সঙ্গে ট্রেনে মোবাইল ফোন ছিনতাই এবং হিজড়া ও ফেরিওয়ালাদের উৎপাতের অভিযোগও তুলেছেন তারা।

যাত্রীদের অভিযোগ, পুরো ট্রেনজুড়েই অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বগির মেঝে ও বসার আসন অপরিচ্ছন্ন। পর্যাপ্ত পানির ব্যবস্থাও নেই। এমনকি পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। পুরো ট্রেনে দায়িত্বে ছিলেন মাত্র একজন অ্যাটেনডেন্ট ও একজন ক্লিনার। ফলে যাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা পর বুধবার (১১ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে। দীর্ঘ সময় বিলম্বের কারণ সম্পর্কেও স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের কোনো তথ্য জানায়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় এক্সপ্রেসের কর্তব্যরত পরিচালক (গার্ড) ইমাম হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনের দায়িত্বে থাকা এক অ্যাটেনডেন্ট বলেন, ‘পুরো ট্রেনে আমি একাই। কী করব ভাই, আমার পক্ষে পুরো ট্রেন দেখা সম্ভব নয়। তারপরও যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।’

ট্রেনটির (ট-বগি-৭৬০৩) দুই যাত্রী আবু ছালেহ ও রুকুনুজ্জামান বাবুল বলেন, ট্রেনের বসার আসন অপরিচ্ছন্ন, বগির মেঝে নোংরা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। ট্রেনে বসে থাকা অবস্থায় যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। পাশাপাশি হিজড়া ও ফেরিওয়ালাদের উৎপাত রয়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই যাত্রীসেবার এমন বেহাল দশা। দীর্ঘ পথের যাত্রায় যাত্রীদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।

এ বিষয়ে জানতে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনটি ওয়েটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত