আয়নায় দাঁড়ালে বুকটা ফাঁকা লাগে

মা-বাবার খোঁজে ৪৬ বছর পর দেশে রাজিব

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

নেদারল্যান্ডসে সবকিছুই আছে রাজিব উদ্দিনের (৪৯)। সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত, জীবনযাত্রাও বেশ স্বাচ্ছন্দ্যের। তবু আয়নার সামনে দাঁড়ালে বুকের ভেতরটা তাঁর ভীষণ ফাঁকা লাগে। একটি প্রশ্ন তাঁকে তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত—আমি আসলে কার মতো হয়েছি, বাবার নাকি মায়ের?

৪৬ বছর আগে, ১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয়েছিল রাজিবকে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। কিন্তু শিকড়ের টানে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ছয়বার বাংলাদেশে এসেছেন তিনি। সর্বশেষ এবারও নেদারল্যান্ডস থেকে ছুটে এসেছেন জন্মদাতা মা-বাবার খোঁজে।

শুধু রাজিব নন, তাঁর এই যাত্রায় সঙ্গী হয়েছেন আরেক নেদারল্যান্ডসপ্রবাসী ও সংগীতশিল্পী সেলিনা গোমেজও। শৈশবে দত্তক হিসেবে বিদেশে পাড়ি জমানো এই দুই বন্ধু এখন বাংলাদেশের পথে-প্রান্তরে খুঁজে ফিরছেন তাঁদের আসল পরিচয় ও মা-বাবাকে।

পুরোনো পাসপোর্ট ও নথিপত্র অনুযায়ী, রাজিবের জন্ম ১৯৭৭ সালে। বাবার নাম গিয়াস উদ্দিন, মা মরিয়ম বিবি এবং দাদা রহিম উদ্দিন। ঠিকানা লেখা রয়েছে—গ্রাম: পেয়ারাকান্দি, থানা: নবীগঞ্জ, জেলা: কুমিল্লা।

কিন্তু এই ঠিকানা মেলাতেই তৈরি হয়েছে বড় জটিলতা। নথিতে ‘কুমিল্লা জেলার নবীগঞ্জ থানা’ উল্লেখ থাকলেও প্রশাসনিক পুনর্বিন্যাসে ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে পুরোনো কুমিল্লার ‘নবীগঞ্জ’ আদতে ব্রাহ্মণবাড়িয়ার ‘নবীনগর’ কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিভ্রান্তির কারণে রাজিব কখনো কুমিল্লা, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন।

রাজিব উদ্দিন বলেন, পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি নিজেকে বিদেশিই মনে করি। আয়নায় দাঁড়ালে জানতে ইচ্ছা করে, আমি কার মতো হয়েছি। এর আগে একবার এক গ্রামে খোঁজ নিতে গেলে এক ব্যক্তি নিজেকে আমার বাবা বলে দাবি করেছিলেন। কিন্তু ডিএনএ পরীক্ষায় দেখা যায়, আমাদের নমুনা মেলেনি।

সঠিক ঠিকানাটি শনাক্ত করতে সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান রাজিব। সেখানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করে কাগজপত্র দেখান এবং প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিনের নথিপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় হওয়ার সম্ভাবনাই বেশি। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। ঠিকানা নিশ্চিত হওয়া গেলে সেখানে গিয়ে খোঁজ নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে সব ধরনের সহযোগিতা করবে।’

সঙ্গে আছেন বন্ধু সেলিনাও রাজিবের এই শিকড় সন্ধানের যাত্রায় সঙ্গী হয়েছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। পেশায় গায়িকা সেলিনাও শৈশবে বাংলাদেশ থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে গিয়েছিলেন। তিনি এ নিয়ে তিনবার বাংলাদেশে এলেন নিজের জন্মদাতা মা-বাবাকে খুঁজতে।

নথিপত্র অনুযায়ী সেলিনার পরিবারের ঠিকানা কক্সবাজারে। ইতিমধ্যে কক্সবাজারে গিয়ে সম্ভাব্য ঠিকানায় খোঁজখবর নিয়েছেন তিনি। বর্তমানে বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন। সেলিনা বলেন, নেদারল্যান্ডসে যাঁরা আমাকে লালন-পালন করেছেন, তাঁরা আছেন। তবু আমি জানতে চাই আমার আসল মা-বাবা কে। আমি বা রাজিব—আমাদের দুজনের মধ্যে যে-ই নিজের পরিবারকে খুঁজে পাই না কেন, সেটাই হবে আমাদের বড় সার্থকতা।

বাংলাদেশে আসার পর রাজিব ও সেলিনার দোভাষী ও গাইড হিসেবে কাজ করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, পাসপোর্টের পুরোনো তথ্য ধরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবার দুটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত