যুদ্ধের পরিবেশগত ক্ষতি নিয়ে সরব বিশ্বনেতারা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

তুরস্কের আনতালিয়া শহরে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। গত ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। গত বুধবার কপ৩১-এর লিডার্স সামিটে যুদ্ধ ও সংঘাতের কারণে পরিবেশের ক্ষতি, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা জলবায়ু সংকটের পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব তুলে ধরেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের পরিবেশের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধের কারণে মানুষের পাশাপাশি প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শান্তিকালীন জলবায়ু অঙ্গীকারের সঙ্গে যুদ্ধকালীন দায়বদ্ধতার সম্পর্ক তৈরি করতে হবে। সামরিক আগ্রাসনে পরিবেশের যে ক্ষতি হয়, তা নথিভুক্ত ও মূল্যায়নের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। গাজা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে শুধু গণহত্যা নয়, পরিবেশহত্যাও চলছে। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর দায়িত্ব এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তাও উঠে আসে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বে অস্থিরতা বেড়েছে। এতে জলবায়ু সংকট মোকাবিলার বিষয়টি বিশ্বনেতাদের অগ্রাধিকার তালিকা থেকে পিছিয়ে যাচ্ছে। বৈশ্বিক নেতৃত্বের বক্তব্য ও নথিপত্রে জলবায়ু সংকটের বিষয়টি গুরুত্ব হারিয়েছে।

এদিকে, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেছেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে। আর কারা এর জন্য দায়ী, তা-ও সবার জানা। গতকাল বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, ‘পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে এবং আমরা জানি কারা এর জন্য দায়ী।’

সর্বশেষ সর্বাধিক পঠিত