হেগসেথের অভিশংসনে রিপাবলিকানদের বাধা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ প্রতিনিধি পরিষদে আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। ইরান যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমতি না নেওয়া, সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আনা প্রস্তাব সরাসরি ভোটাভুটিতে না তুলে বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি হাউজ জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ নিয়ে প্রতিনিধি পরিষদে তাৎক্ষণিক ভোটাভুটির পথ বন্ধ হয়ে গেছে।

এই উদ্যোগ নিয়েছিলেন কেনটাকির বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ম্যাসি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের ৮টি অভিযোগ উত্থাপন করেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা এবং অন্যান্য সামরিক পদক্ষেপের মাধ্যমে হেগসেথ সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়।

অভিশংসন প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে সরাসরি ভোটে আনার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন টমাস ম্যাসি। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট রিপাবলিকান আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার আশা ছিল তার। কিন্তু নিজের দলের অন্য কোনো সদস্যকে পাশে পাননি তিনি। রিপাবলিকানদের মধ্যে একমাত্র ম্যাসিই প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দেন। অন্যদিকে উপস্থিত ২০৩ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিরুদ্ধে ভোট দেন। তবে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ দলটির ১১ সদস্য ভোটাভুটিতে অংশ নেননি। অনুপস্থিত ছিলেন সাত রিপাবলিকান সদস্যও।

ভোটের ব্যবধান ছিল মাত্র সাতটি। অনুপস্থিত ১১ ডেমোক্র্যাটের মধ্যে আটজন কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দিলে প্রক্রিয়াগত প্রস্তাবটি আটকে যেতে পারত। সে ক্ষেত্রে অভিশংসনের অভিযোগগুলো নিয়ে সরাসরি ভোটাভুটির সুযোগ তৈরি হতো। পেলোসিসহ কয়েকজন ডেমোক্র্যাট কেন ভোটে অংশ নেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুপস্থিতির কারণ জানতে পেলোসির দপ্তরে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্তের অর্থ অবশ্য হেগসেথের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া নয়। প্রতিনিধি পরিষদ অভিযোগগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বরং অভিশংসনের উদ্যোগটি আপাতত আটকে গেছে। প্রতিনিধি পরিষদে ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে পেন্টাগনে এক বক্তব্যে নিজের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে প্রহসন বলে মন্তব্য করেন হেগসেথ। একই সঙ্গে ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানে নিজের ভূমিকার পক্ষে অবস্থান তুলে ধরেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিনিধি পরিষদের ভোটের ফলকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হেগসেথকে অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিরক্ষামন্ত্রীকে একজন মহান দেশপ্রেমিক হিসেবেও বর্ণনা করেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের সিদ্ধান্তে আপাতত রাজনৈতিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন হেগসেথ। তবে তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর দলটি হেগসেথের বিরুদ্ধে আবারও অভিশংসনের উদ্যোগ নিতে পারে। ফলে এবারের ভোটে রিপাবলিকানদের সমর্থন পেলেও, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন ও সামরিক অভিযান পরিচালনাসংক্রান্ত অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত