উলুপুর দিঘিতে পাখির কলতান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

মাথার ওপর আকাশজুড়ে ডানা মেলা শত শত পাখির ঝাঁক। পর মুহূর্তেই নেমে আসছে দিঘির জলে। কেউ ডুব দিয়ে খাবার খুঁজছে, কেউ জলকেলিতে মত্য পানির ওপর ভেসে ভেসে। কেউ আছে গাছের ডালে, কেউ ডানা ছড়িয়ে রোদ পোহাচ্ছে। হঠাৎ আবার ঝাঁক বেঁধে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। শত শত পাখির ডানার ঝাপটা বাতাসে কাঁপছে, তরুলতাও। পাখিদের কলকাকলিতে ভোরের নীরবতা ভেঙে জেগে উঠছে গ্রাম প্রান্তর। নীল আকাশে পাখিদের ভেসে বেড়ানোর ছায়া পড়ছে দিঘির জলে। তৈরি হচ্ছে এক অপূর্ব দৃশ্য। সে দৃশ্য উপস্থিত দর্শনার্থীদের অভিভূত করছে। তাদের চোখ আটকে যাচ্ছে সেই মনোরম দৃশ্যে। এ সময় কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ নিঃশব্দে তাকিয়ে আছেন প্রকৃতির এই অবিশ্বাস্য আয়োজনের দিকে। মনে হচ্ছে, শীতের আগমনী নরম রোদে তাড়াশের মাটিতে যেন নেমে এসেছে এক টুকরো আকাশ আর সেই আকাশজুড়ে উড়ছে হাজারো পাখি। এ অপরূপ সৌন্দর্য্যরে দৃশ্য এখন বিরাজ করছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের উলুপুর দিঘি এলাকায়। শীতের পাখিদের আনাগোনায় দিঘিটি পরিণত হয়েছে প্রাণের এক অনন্য মিলনমেলায়। ভোর হতেই এখানে শুরু হয় পাখিদের ব্যস্ততা, আর সেই ব্যস্ততা দেখতে দীঘিপাড়ে জমে ওঠে পাখিপ্রমী অসংখ্য মানুষের ভিড়। ভোরের আলো ফুটতেই বদলে যায় উলুপুর দিঘির পরিবেশ। অন্য সময় যে দিঘি শান্ত ও নিরিবিলি, পাখিদের উপস্থিতিতে সেটিই যেন হয়ে উঠেছে প্রকৃতির এক জীবন্ত মঞ্চ। নীলজলে ভেসে থাকা পাখির দল, গাছের ডালে সারি সারি পাখি আর আকাশে উড়ে চলা পাখির ঝাঁক, সব মিলিয়ে তৈরি হয় অন্যরকম এক অনন্য আবহ। কখনো হঠাৎ শত শত পাখি একসঙ্গে ডানা মেলে আকাশে উঠে যায়। কয়েক মুহূর্ত পর আবার ফিরে আসে দিঘির জলে। তাদের ডানার শব্দ, কিচিরমিচির আর কলকাকলিতে চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত।

স্থানীয় কলেজ শিক্ষার্থী রাজ শেখ, সোহাগ হাসান ও নাইম বলেন, উলুপুর দিঘির চারপাশের গাছপালা পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রতি বছর শীত এলেই এখানে পাখির সংখ্যা বাড়তে দেখা যায়। পরিবেশটি রক্ষা করা গেলে ভবিষ্যতে আরও বেশি পাখির সমাগম ঘটতে পারে। তাদের মতে, দিঘির পাড়ে মানুষের উপস্থিতিও এখন পাখি দেখার একটি আলাদা আকর্ষণ তৈরি করেছে। তবে দর্শনার্থীদেরও সচেতন হতে হবে, যাতে তাদের কারণে পাখির স্বাভাবিক বিচরণে কোনো বিঘœ না ঘটে।

প্রকৃতির টানে সকাল থেকে বিকেল পর্যন্ত উলুপুর দিঘির পাড়ে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই। বারুহাস ইউনিয়ন থেকে পরিবার নিয়ে পাখি দেখতে আসা সাগর তালুকদার বলেন, পাখির বিচরণ সত্যিই মনোমুগ্ধকর। সারাক্ষণ কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। পরিবারের সবাইকে নিয়ে এসে খুব ভালো লাগছে। সুযোগ পেলে আবারও বন্ধুবান্ধব নিয়ে এখানে আসবেন। সিরাজগঞ্জ থেকে আসা শাপলা খাতুন, নার্গিস বেগম ও সামিউল হাসান জানান, দিঘির ওপর একসঙ্গে এত পাখির বিচরণ দেখতে তাদের খুব ভালো লাগছে। বিশেষ করে পাখির দলবদ্ধভাবে উড়ে যাওয়া এবং আবার একসঙ্গে পানিতে নেমে আসার দৃশ্য তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে।

দর্শনার্থীদের অনেকেই মনে করেন, উলুপুর দিঘিকে পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এটি স্থানীয়ভাবে পাখি দেখার একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠতে পারে। এ মৌসুমে শুধু উলুপুর দিঘি নয়, তাড়াশের বিস্তীর্ণ চলনবিলেও দেখা মেলে পরিযায়ী পাখির ঝাঁক। বিলের জলাভূমি, দিঘি ও আশপাশের চরাঞ্চল হয়ে ওঠে নানা প্রজাতির পাখির বিচরণক্ষেত্র।

জলময়ূর, মদনটাক, মদন, মানিকজোড়, লালমোন, শামুকখোল, বক, বালিহাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনায় এ সময় প্রাণ ফিরে পায় জলাভূমিগুলো। স্থানীয়দের ভাষ্য, জলজ খাবারের সহজলভ্যতা এবং অনুকূল পরিবেশের কারণে এই শীত মৌসুমে এসব এলাকায় পাখির আনাগোনা বাড়ে।

উলুপুর দিঘির পাড়ে দাঁড়ালে এখন মনে হয়, এটি শুধু একটি জলাশয় নয়। দিঘির জলে আকাশের প্রতিবিম্ব, গাছের ডালে পাখির সারি, বাতাসে ভেসে আসা কলকাকলি আর পাখি দেখতে আসা মানুষের মুগ্ধ চোখ, সবকিছু মিলিয়ে উলুপুর যেন হয়ে উঠেছে তাড়াশের এক জীবন্ত প্রকৃতিচিত্র।

সর্বশেষ সর্বাধিক পঠিত