বৃষ্টির প্রভাবে দাম বেড়েছে সবজির

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ নানা পদের শীতের সবজি এখন ঢাকার খুচরা বাজারে। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম সহনীয় পর্যায়ে নেমে এলেও হঠাৎই আবার দাম বেড়েছে। গত বুধবার ভোরে হওয়া বৃষ্টির প্রভাবে মান ও প্রকারভেদে বিভিন্ন সবজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ খানিকটা কম থাকায় দাম বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের সবজির বাজারে এখন প্রচুর ফুলকফি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে। ছোট আকারের যে ফুলকপি দুদিন আগেও ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে বিক্রেতারা গতকাল তার দাম হেঁকেছেন ৩০ থেকে ৩৫ টাকা। আরেকটু বড় আকারের যেসব ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, সেগুলো বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়।

একইভাবে বেড়েছে বাঁধাকপির দামও। যেসব বাঁধাকপির দাম ৩০ থেকে ৩৫ টাকায় নেমেছিল, সেগুলোই গতকাল বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। বেড়েছে শিমের দামও। গত সপ্তাহে সাধারণ মানের প্রতি কেজি শিম ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও গতকাল সেই একই শিম প্রতি কেজি বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি শিমের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।

ঢাকার সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা শফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সবজির সরবরাহ একটু কমেছে। ফলে পাইকারি বাজারেও দাম খানিকটা বেশি। এর প্রভাবে পড়েছে খুচরাতেও।

তিনি ছোট আকারের একটি ফুলকপি দেখিয়ে বলেন, দুদিন আগেই এই ফুলকপি ২৫ টাকায় বিক্রি করেছি, যা আজকে (বৃহস্পতিবার) বিক্রি করছি ৩৫ টাকায়।

একইভাবে সরবরাহ বৃদ্ধির কারণে বাজারে টমেটোর কেজি মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে নেমে এলেও তা গতকাল ১৫০ থেকে ১৬০ টাকায় উঠে গেছে। তবে লম্বা জাতের নতুন আসা বেগুনের দামে তারতম্য ঘটেনি। আগের মতোই প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে সামান্য বেড়েছে গোল আকৃতির বেগুনের দাম। ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া এই বেগুন বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। বেড়েছে মুলার দামও। প্রতি কেজি মুলা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও গতকাল বাজারভেদে বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে দেশের অনেক জায়গায় কৃষক সবজিক্ষেত থেকে সবজি সংগ্রহ করতে পারেননি। যে কারণে পাইকারি বাজারে সরবরাহ বিঘিœত হয়েছে। এর প্রভাবে দামও পড়েছে। তারা জানান, শীতের সবজির এখন ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

দুপুরে কথা হয় মেরুল বাড্ডার সবজি বিক্রেতা আরিফুর রহমানের সঙ্গে। বৃষ্টির জন্য সবজি কম এসেছে উল্লেখ করে তিনি বলেন, পাইকারি বাজারে সকালে সবজির দাম ছিল চড়া।

এদিকে সবজির দামে বৃষ্টির প্রভাব থাকলেও পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ আগের মতোই বাজার ও মানভেদে ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। ফার্মের মুরগির ডিমের দামও কমতির দিকে। বাজার ও মানভেদে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকায়।

তবে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের বাজারে। একদিকে যেমন রয়েছে সরবরাহ সংকট, তেমনি বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সরকার অনুমোদিত মূল্য ২০৪ টাকা হলেও বেশিরভাগ খুচরা বিক্রেতাই বিক্রি করছেন ২১০ টাকায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত