পলায়ন, অসদাচরণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। আর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এসব আদেশ জারি করা হয়েছে।
প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।