ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় ২৩ প্রস্তাব অনুমোদন

ভাসমান এলএনজি ইউনিট হচ্ছে কুতুবজোমে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সমুদ্রতীরবর্তী কুতুবজোম এলাকায় নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল 

এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) এফএসআরইউ স্থাপনের প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এতে দুই মেয়াদে বাস্তবায়নের ব্যয়প্রস্তাব সুপারিশ করা হয়েছে। ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এদিন ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বমোট ২৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়। এর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয় ৪টি (বিবিধ ৩টি), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৩টি, ভূমি মন্ত্রণালয় ১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১টি, বাণিজ্য মন্ত্রণালয় ২টি, স্থানীয় সরকার বিভাগ ১টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১টি, শিল্প মন্ত্রণালয় ৪টি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ৩টি (বিবিধ ২টি)।

একই দিনে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিবিধ বিষয়সহ সর্বমোট ৫টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়। এর মধ্যে সরাসরি ক্রয়পদ্ধতিতে এডনক ট্রেডিং লি. ও জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড থেকে এলএনজি ক্রয় এবং পেট্রোবাংলার ওই প্রতিষ্ঠানসমুহের শর্ট টার্ম এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন, টিসিবি কর্তৃক পবিত্র রমজান মাসে ৬ হাজার ২০০  টন খেজুর ক্রয় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মোবাইল নেটওয়ার্ক কাভারেজ স্থাপনের লক্ষ্যে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন।

সর্বশেষ সর্বাধিক পঠিত