সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতার পরিধি সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎকালে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং এ আগ্রহের কথা জানান। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষভিত্তিক শিখন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা প্রণয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদানের মতো বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা অর্জন করছে কি-না, তা সরাসরি পর্যবেক্ষণ করা জরুরি। এ কারণে সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব চিত্র, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগ, মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রশংসা করে বলেন, শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর এ প্রত্যক্ষ উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রাথমিক শিক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত