লোহাগাড়ার সফল কলাচাষী প্রিয়তোষ চৌধুরী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

প্রিয়তোষ চৌধুরী। তাঁর বাড়ী লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে। লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির কলা বিক্রি করে এলাকায় চমক সৃষ্টি করেছেন তিনি। শুরুতে বাজারে ছিল তাঁর ধান ও চালের ব্যবসা। মোটামুটি স্বচ্ছলতার সাথে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে স্বচ্ছলভাবে চলছে। এছাড়াও তিনি বাড়ীর পাশে পৈত্রিক ৫ একর জমিতে কিছু বনজ গাছ রোপণ করেছিলেন আর অধিকাংশ জায়গা ছিল পরিত্যক্ত। তবে শৈশব থেকে ইচ্ছে ছিল কৃষি খামার করার।

যেহেতু গ্রাম ও শহরে সকল জায়গায় সুস্বাদু কলার চাহিদা রয়েছে তাই ওই ৫ একর জায়গায় কলা বাগান করার সিদ্ধান্ত নেন। গত বছর থেকে জায়গা সংস্কার করে গাছ লাগানো ও পরিচর্য্যা করেন। বর্তমানে এ বাগানে ৫ হাজার গাছের চারা রয়েছে। স্থানীয় এলাকাবাসী অনেকে এ কলা বাগান দেখতে আসেন। তাঁর এ সুন্দর খামারটি চরম্বা আর এম এগ্রো ফার্ম নামে পরিচিত। এ কলা বাগান দেখে এলাকার আরো অনেক তরুন কলা চাষে উদ্ধুদ্ধ হয়েছেন।

সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায় , শত শত কলার ছড়া ঝুলছে এ বাগানে। প্রতিটি কলার ছড়া ৮০০- ১০০০ টাকায় বিক্রি হয়। কলা বাগানে পানি দেয়ার জন্য পুকুর তৈরী করেছেন। তাছাড়া কলা বাগানে ব্যবহার করছেন জৈব সার। চার-পাঁচ ফুট অন্তর অন্তর একটি চারা রোপন করেছেন।

এ ব্যাপারে প্রিয়তোষ চৌধুরী বলেন , ২০২৫ সালের শুরুতে বাড়ীর পাশে পরিত্যক্ত জায়গায়  কলা বাগান করার উদ্যোগ নিই। কিন্তু আমার মূলধন ছিলনা। তাই লোহাগাড়া কৃষি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে কাজ শুরু করি। পাঁচ হাজার বিভিন্ন জাতের যেমন রঙীন সাগর , মিষ্টি সাগর , দেশী বাংলা কলা , চাঁপা ও আনাচ কলার চারা রোপণ করি। প্রথম বছরেই আমি প্রায় ১৫ লাখ টাকার কলা বিক্রি করি। খরচ বাদে তাঁর প্রায় সাড়ে ৭ লাখ টাকার মতো আয় হয়।

বর্তমানে আমার খামারে ৫ জন কর্মচারী নিয়মিত কাজ করেন। পাশাপাশি আমি নিজেই প্রতিদিন আমি ২/৩ ঘন্টা এ বাগানে কাজ করি। বর্তমানে আমার বাগানে প্রায় ২০ লাখ টাকার কলার ফলন রয়েছে। আগামী জানুয়ারীর মধ্যে এসকল পরিপক্ক অবশিষ্ট কলা বিক্রি শেষ হবে। এ কলা স্থানীয় বাজারের পাশাপাশি চকরিয়া , কক্সবাজার , কতুবদিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি হয়। কলা বাগানের মধ্যে কিছু সাথী ফসলও রোপন করেছেন যেমন আদা , হলুদ ও বিভিন্ন প্রকারের সব্জী। তিনি জানান , এ ফল বাগানে পরিচর্যা করতে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়।

স্থানীয় তরুন উদ্যোক্তা চরম্বা মাইজবিলা গ্রামের শরীফুল ইসলাম বলেন , প্রিয়তোষ চৌধুরী কলা বাগান দেখে আমি ইতোমধ্যে প্রায় ২’শ কলা গাছ রোপণ করেছি। যেখানে বর্তমানে ৭০টি কলার ছড়া রয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিউল ইসলাম জানান , লোহাগাড়ার মাটি বিভিন্ন জাতের কলা চাষের জন্য উপযোগী। প্রিয়তোষ চৌধুরীর কলা বাগান তাঁর প্রকৃত উদাহরণ। যে কেউ যদি কলা বাগান করতে চান , উপজেলা কৃষি অফিস তাদেরকে সর্বাত্তক সহযোগিতা দিতে প্রস্তুত।

সর্বশেষ সর্বাধিক পঠিত