চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যা মামলায় কসাই জাকির ওরফে জাকির হোসেন এবং তার স্ত্রী আমেনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাদের চাঁদপুর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে দুলাল আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে জাকির ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
এদিকে, নারীসংক্রান্ত বিরোধের জেরে দুলাল আলমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
তদন্তের স্বার্থে গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। তবে রিমান্ড আবেদন মঞ্জুর না হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ধামা উদ্ধারের বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানা যাবে।