হুমায়ূন আহমেদের জন্মদিনে নেত্রকোনায় উৎসবে মাতলের হিমু-রূপারা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে মধ্যে দিয়ে জন্মস্থান নেত্রকোনায় পালিত হচ্ছে হিমু উৎসব।

হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবের প্রথম পর্বে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ১১টায় সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় ভক্তরা হুমায়ূন আহমেদের সৃষ্টি কাল্পনিক চরিত্র হিমু ও রূপা সেজে নানা বয়সী ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মোক্তারপাড়ায় মুক্তমঞ্চে গিয়ে কেক কেটে উৎসবে মাতেন তারা।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, ছেলেরা হলুদ পাঞ্জাবি পড়ে আর মেয়েরা নীল শাড়ি পরে লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তাল মিলিয়ে শোভাযাত্রা নিয়ে গিয়ে যান। এতে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, লেখকের কাল্পনিক চরিত্র অবলম্বনে হিমু উৎসবে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে সাহিত্যকে তুলে ধরাই মূল লক্ষ্য হিসেবে হিমু পাঠক আড্ডা গেল এক যুগ ধরে  এই জন্মদিনের উৎবের আয়োজন করে আসছে।

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় হিমু রূপাদের নিয়ে কেক কাটেন স্থানীয় সাংসদ ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লুৎফা হক। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুসহ শিক্ষক সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ লেখকের প্রতিটি স্মৃতি চিহ্ন স্থানে স্মরণ করা হবে। এর মাঝে দীর্ঘ প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব ও মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজনের মধ্য দিয়ে লেখককে ধারণ করে আছে।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্ম নেন। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। এ ছাড়া পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকায় মারা যান তিনি। পরে মরদেহ দেশে আনা হলে দাফনের স্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে নিজের বড় ছেলের নামে প্রতিষ্ঠিত নুহাশ পল্লীতে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত