হুমায়ূন আহমেদের ‘এপিটাফ’

মৃত্যুপথযাত্রী কিশোরী ও তার মায়ের জগৎ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

‘পৃথিবীতে জ্যোৎস্না থাকবে, টিনের চালে ঝমঝম বৃষ্টি থাকবে, বর্ষায় কদম ফুল ফুটবে, উথাল-পাতাল দখিনা হাওয়া থাকবে, আর আমি থাকব না, তাই কি হয়?’
— হুমায়ূন আহমেদ, ফাউন্টেন পেন

হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হন ২০১১ সালের সেপ্টেম্বরে। এরপর এক বছরেরও কম সময় বেঁচে ছিলেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। অসুস্থ হওয়ার পর যতদিন বেঁচেছিলেন, দৃশ্যত বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বেঁচে ছিলেন। রোগকে খুব বেশি তোয়াক্কা করেননি। এটি ছিল তাঁর স্বভাবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য : রোগ, শোক, জরা, মৃত্যুকে জীবনের কোনো পর্যায়েই তিনি খুব একটা পাত্তা দেননি; নিয়তির ওপর ছেড়ে দিয়ে নির্ভার থাকতে চেয়েছেন। তবে ওপরে উদ্ধৃত বাক্য থেকে অনুমান করা যায়, অসুস্থতার এক পর্যায়ে পৃথিবীতে নিজের সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে কিছুটা হাহাকারগ্রস্ত হয়েছিলেন তিনি। দৃশ্যমানতার বাইরে, মনের গোপন কুঠুরিতে নিজের থাকা-না-থাকাকে তিনি ঠিক কীভাবে লালন করতেন, তার বিশদ অবশ্য জানা যায় না।

১.
১৯৯৫ সালে, মৃত্যুর সতেরো বছর আগে, এপিটাফ নামে হুমায়ূন আহমেদ একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনা করেন। এ উপন্যাসের কথা জানতে পারি সাজ্জাদ শরিফ ও ব্রাত্য রাইসুর নেওয়া আহমদ ছফার একটি সাক্ষাৎকার থেকে। হুমায়ূন আহমেদকে বাজারি লেখক সাব্যস্ত করা ছফা নন্দিত নরকের পাশাপাশি তার এ উপন্যাসেরও প্রশংসা করেছিলেন। এ উপন্যাস নিয়ে আলোচনার একটি বড় কারণ হলো, হুমায়ূনের মৃত্যু বিষয়ক যেসব অনুসন্ধান, তার কিছু চিহ্ন বা ইশারা আমরা এখানে পাব। তলস্তয়ের বিখ্যাত গল্প ‘ইভান ইলিচের মৃত্যু’র কথা আমরা কমবেশি সবাই জানি, যেখানে দেখতে পাই মৃত্যুশয্যায় থাকা একজন বিচারক কীভাবে তার শেষ দিনগুলো যাপন করছেন। আহমদ ছফার মরণ বিলাসও প্রায় একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রচিত। কিন্তু হুমায়ূনের এপিটাফ মৃত্যুকে দেখতে চেয়েছে এক কিশোরীর চোখ দিয়ে। একই সঙ্গে এ উপন্যাসে তিনি আরেকটি ঘটনাকে প্রকটিত করেন : মেয়েকে সুস্থ করতে গিয়ে কীভাবে একজন মায়ের মানসিক মৃত্যু ঘটছে, তার কর্তাসত্তা বিলীন হয়ে যাচ্ছে।

নাতাশা নামে তেরো বছর বয়সী এক বালিকার অসুস্থতাকে ঘিরে আবর্তিত হয়েছে এ উপন্যাসের কাহিনি।

নাতাশা এক বিশৃঙ্খল পরিবারের সন্তান। তার পিতামাতার মধ্যে সর্বক্ষণ রেষারেষি চলে। এ কারণে নাতাশার চিন্তার বড় অংশজুড়ে রয়েছে একটি প্রশ্ন : একজন মানুষ কেন অপর মানুষের কাছে যেতে পারে না? তার বাবার কাছ থেকে সে শুনেছে, কারও খুব কাছাকাছি যাওয়া যায় না। কিন্তু বাবার এ বক্তব্য সে মানতে পারে না। শিশুর স্বাভাবিক সরলতাই তার চিন্তার উৎস। সে মনে করে, ইচ্ছা করলেই মানুষের খুব কাছে যাওয়া যায়। সেই ইচ্ছাটাই কেউ করে না। সে এও বলে, ‘আমি বেঁচে থাকলে তা করতাম। যার সঙ্গে আমার বিয়ে হতো, আমি খুব চেষ্টা করতাম তার কাছাকাছি যেতে। সে খারাপ ধরনের মানুষ হলেও করতাম। সে বাইরে থেকে ঘরে এলে আমি ছুটে গিয়ে দরজা খুলে তার দিকে তাকিয়ে হাসতাম। মায়ের মতো চোখ-মুখ শক্ত করে রাখতাম না। সে ঘরে ঢোকামাত্র আমি তার হাত ধরে বলতাম—আজ সারাদিন কী কী করলে বলো তো। সে হয়তো বিরক্ত গলায় বলত, আহা, কী শুরু করলে! হাত-মুখটা ধুতে দাও। আমি বলতাম, আগে বলতে হবে সারাদিন কী করলে, তারপর তোমাকে ছাড়ব।’

বাবা-মায়ের খারাপ সম্পর্কের মধ্যেও নাতাশার জীবন ভালোই যাচ্ছিল। বাবা-মায়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে তার অভিযোগ থাকলেও দুজনকেই তার ভীষণ পছন্দ। তবে আর দশটি মেয়ের মতো বাবার প্রতি তার বিশেষ পক্ষপাত রয়েছে। তার মায়ের কাছে তার বাবা সাজ্জাদ সাহেব একজন অক্ষম ও নিকৃষ্ট মানুষ। শুরুতে অবশ্য এমন ছিল না। আগে তাদের সম্পর্ক বেশ মধুরই ছিল। সাজ্জাদ সাহেব তখন বিদেশি একটি ওষুধ কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজারের চাকরি করতেন, আয়-রোজগারও ভালো ছিল। বিয়ের এক বছরের মাথায় ‘নিশ্বাস বন্ধ হয়ে আসছে’ বলে চাকরি ছেড়ে দিলেন। এরপর যোগ দিলেন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে। সে চাকরিও তার বেশিদিন ভালো লাগল না। তারপর নামলেন ব্যবসায়। ব্যবসা করতে গিয়ে তার মদ্যপানের অভ্যাস গড়ে উঠল। জীবনে এ একটিমাত্র কাজেই তিনি স্বস্তি খুঁজে পেলেন। আর তা থেকেই সূত্রপাত হলো পারিবারিক অশান্তির। এর একটি সমাপ্তি ঘটল সেদিন, যেদিন সাজ্জাদ সাহেব এসে তার স্ত্রী দিলশাদকে জানালেন যে তিনি কাঠের ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং সে কারণে পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হচ্ছেন। তার এ সিদ্ধান্তে দিলশাদ হাঁফ ছেড়ে বাঁচলেন। সাজ্জাদের মাসে মাসে টাকা পাঠানোর আশ্বাসের উত্তরে তিনি বললেন, ‘তোমাকে কোনো খরচ পাঠাতে হবে না। দয়া করে তুমি ঢাকা এসো না। তাতেই আমি খুশি।’

নাতাশার কাছে সাজ্জাদ সাহেব একজন অসম্ভব ভালো মানুষ। তাদের দুজনের পছন্দ-অপছন্দের মধ্যেও বেশ মিল রয়েছে। সাজ্জাদ সাহেব নাতাশাকে টিয়া বলে ডাকেন। কারণ, নাতাশার যেদিন জন্ম হয়, সেদিন তাদের বাড়ির গাছ থেকে একঝাঁক টিয়া পাখি উড়ে যায়। সে কারণেই তিনি মেয়ের নাম রাখেন টিয়া। অবশ্য তার এ নাম কেউ অনুমোদন করেননি। কেবল তিনিই তাকে টিয়া বলে ডাকেন। সাজ্জাদ সাহেব যেদিন পাহাড়ের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান, সেই রাতেই প্রচণ্ড মাথাব্যথা অনুভব করে নাতাশা এবং একপর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। তার মা দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। মায়ের প্রাথমিক অনুমান, বাবা চলে যাওয়ার শোকে তার এমনটা হয়েছে। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার মস্তিষ্কে ‘মেনিনজিওমা’ নামক টিউমার বাসা বেঁধেছে।

২.
নাতাশার মা দিলশাদ একটি এনজিওতে কাজ করেন। বাইরে চাকচিক্য থাকলেও বেতন পেতেন অতি সামান্য। স্বামীর অক্ষমতার কারণে তাকেই একা সব খরচ বহন করতে হচ্ছে। এরই মধ্যে এলো মেয়ের দুরারোগ্য ব্যাধির খবর। দিলশাদ নাতাশাকে সাহস জোগানোর চেষ্টা করেন। তাকে জানান, ‘ডাক্তারদের ধারণা, তোর মাথায় ছোট্ট মটরদানার মতো একটা টিউমার হয়েছে। বেনাইন টিউমার। ডাক্তার অপারেশন করে ওই টিউমার সরিয়ে ফেলবে। সেই অপারেশন খুবই সহজ অপারেশন। আমাদের দেশে হচ্ছে না, তবে বিদেশে হরদম হচ্ছে। তোর অপারেশন আমি বিদেশে করাব।’

দিলশাদের হাতে কোনো অর্থকড়ি নেই, কিন্তু তার আশা, তিনি মেয়ের চিকিৎসা আমেরিকায় করাবেন। এদিকে তার স্বামী পাহাড়ে। অবশ্য তিনি থাকলেও যে কিছু করতে পারতেন, সে বিষয়ে তার কোনো ভরসা নেই। ফলে অর্থ জোগাড়ের পথে তাকেই একা নামতে হলো। এ কাজ করতে গিয়ে দিলশাদকে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো। অনেকের সম্পর্কে তার ধারণা পাল্টে গেল। যাদের কৃপণ ভাবতেন, তাদের উদার হিসেবে পেলেন। আবার যাদের একসময় অত্যন্ত উদার হিসেবে দেখেছেন, তাদের নতুনভাবে, নতুন রূপে আবিষ্কার করলেন।

দায়িত্বহীন রাষ্ট্রে বিপন্ন নাগরিককে কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, তার কিছু নজির আমরা দিলশাদের এই অর্থ সংগ্রহের যাত্রার মধ্য দিয়ে পাব। মেয়ের চিকিৎসার জন্য সব মিলিয়ে তার প্রয়োজন এগার লাখ টাকা। তার বাবা হাদিউজ্জামান কোনো প্রকার দ্বিধা না করেই পেনশন থেকে পাওয়া অর্থের যেটুকু তার হাতে ছিল, তার সবটুকুই মেয়ের হাতে তুলে দেন। তার মাও একই কাজ করেন, নিজের জমানো সব টাকা দিয়ে দেন মেয়েকে। এই অর্থটুকুই তাঁর আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে দেয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের এক-তৃতীয়াংশও এতে পূরণ হয় না। ফলে তাকে আরও অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। কলেজজীবনের এক বিত্তবান বান্ধবী তাকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে শেষমেশ একটি খাম ধরিয়ে দেন, যাতে তিনি পাঁচশ টাকার একটি নোট পান। এতে তিনি প্রচণ্ড অপমানিত বোধ করেন। স্বামীর সঙ্গে যোগাযোগ না থাকলেও তার পক্ষের আত্মীয়দের কাছেও তিনি হাত পাতেন। কিন্তু এখানেও অর্থের পরিবর্তে অপমান নিয়েই তাকে ফিরতে হয়।

অর্থ জোগাড়ের এই তিক্ত অভিজ্ঞতার মধ্যেই নাতাশার পিতা সাজ্জাদ সাহেব একদিন আকস্মিকভাবে ফিরে আসেন। তার মেয়ে এমন একটি ব্যাধিতে আক্রান্ত, তা তিনি জানতেন না। দিলশাদ ইচ্ছা করেই তাকে জানাননি। তাকে জানানো বা না-জানানোর মধ্যে তিনি বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাননি। তারপরও সাজ্জাদ সাহেবের ভীষণ রাগ হয়। তার পিতৃসত্তা প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয়। দিলশাদের সঙ্গে রাগারাগি করার সিদ্ধান্তও নেন তিনি। কিন্তু তার মেয়ে তাকে বারবার অনুরোধ করে, তিনি যেন মায়ের সঙ্গে রাগারাগি না করেন, কেননা তার মা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সেদিন রাত প্রায় সাড়ে এগারটায় বাসায় ফেরেন দিলশাদ। টাকার জন্য মেজবোনের বাসায় দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে আসেন। এসে দেখেন, বাসায় সাজ্জাদ। সাজ্জাদকে দেখে রাগে-ক্ষোভে ফেটে পড়েন দিলশাদ এবং তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন।

সাজ্জাদ সাহেবের পাহাড় থেকে ফিরে আসার মুহূর্তটি ছিল অত্যন্ত মর্মান্তিক। ফিরে এসে তিনি দেখতে পান, তার টিয়া পাখি আর আগের মতো নেই। এই কয়েক দিনে সে বদলে গেছে। তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ব্যাধি। ঘটনাটি তার কাছে আকস্মিক আঘাত হিসেবে হাজির হলো। মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছিল। নিজের সব ব্যর্থতাসহই যেকোনো পিতা তো সন্তানের পাশে থাকতে চান। কিন্তু অক্ষমতার কারণে তার স্ত্রী তাকে একবার জানানোর প্রয়োজনও মনে করেননি। তাকে প্রায় অস্বীকারই করা হলো। এদিকে তার মেয়েও পড়ল এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতিতে : তাকে এ অবস্থায় দেখে তার বাবা ভীষণ কষ্ট পাচ্ছেন, বিষয়টি তাকে পীড়া দিচ্ছে। এই মুহূর্তটি একটি ট্র্যাজিক মুহূর্ত। হুমায়ূনীয় স্বাভাবিকতাকে ছাপিয়েও তা ট্র্যাজিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে।

৩.
হুমায়ূনের সাহিত্যের একটি অপরূপ গুণ হলো, তিনি বিশৃঙ্খলাকে একটি সীমার মধ্যে দেখান। তার চরিত্রদের সহনশীলতার পরাকাষ্ঠা বললে অত্যুক্তি হবে না। তার কোনো চরিত্রকে আপনারা অতিরঞ্জিত কিছু করতে দেখবেন না। আরেকটি বিষয় লক্ষণীয়, সবকিছুকে তিনি স্বাভাবিক করার প্রচেষ্টায় রত। এত দিন পর বাবার ফিরে আসা নিয়ে নাতাশার কোনো রাগ-ক্ষোভ নেই, বরং বাবাকে পেয়ে সে খুশি। দিলশাদ সাজ্জাদকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেও দিনের বেলায় এসে যাতে মেয়ের সঙ্গে থাকেন, সেই পরামর্শও দেন। সাজ্জাদও স্ত্রীর ওপর রাগের বশবর্তী হয়ে পরদিন মেয়েকে দেখতে আসা থেকে নিজেকে বিরত রাখেন না।

দিলশাদ ও সাজ্জাদের মধ্যে মাঝে মাঝে বাকবিতণ্ডা চললেও তাদের সম্পর্কে এরই মধ্যে কিছুটা স্থিতি আসে। অর্থকড়ির বন্দোবস্ত খুব বেশি না হলেও এর মধ্যে তারা আমেরিকার ভিসা পেয়ে যান। ভিসা পাওয়ার পর যারা আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের কাছে দিলশাদ আবার অর্থের জন্য ছুটতে থাকেন।

সবচেয়ে কুৎসিত ঘটনাটি ঘটে যখন তিনি তার বড় দুলাভাইয়ের কাছ থেকে টাকা আনতে যান। অর্থ দেওয়ার বিনিময়ে দিলশাদের কাছে তিনি কিছু একটা চাচ্ছিলেন। আকারে-ইঙ্গিতে তা প্রকাশ করলেও সরাসরি কিছু বলছিলেন না। তার উদ্দেশ্য বুঝতে পেরে দিলশাদ টাকাটা না নিয়েই ফিরে আসেন। বাসায় ফিরে মেয়ের সঙ্গে প্রয়োজনীয় দুয়েকটি বাক্য বিনিময় করে নিজের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। মেয়ের অসুস্থতার পর থেকে তিনি কখনো দরজা বন্ধ করেন না। দরজা খোলা রেখেই ঘুমান, আর কিছুক্ষণ পরপর মেয়ের গতিবিধি লক্ষ করেন। কিন্তু সেদিন মর্মাহত দিলশাদ নিজেকে বিচ্ছিন্ন করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাননি। নিজের স্বামীর প্রতিও তাকে সে সময় কোনো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় না।

শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না দেখে তিনি ঠিকই দুলাভাইয়ের কাছে ধরনা দেন এবং তাঁর শর্ত মেনেই তাঁর কাছ থেকে অর্থ নিয়ে আসেন। এ ঘটনার পর মানসিকভাবে সম্পূর্ণ অসাড় হয়ে পড়েন দিলশাদ। বলা যায়, এর মধ্য দিয়ে তার একপ্রকার মানসিক মৃত্যু ঘটে যায়। তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত থেকেও সরে আসেন। শুধু নাতাশা ও তার বাবার জন্য বিমানের টিকিট কেনেন। এমনকি যেদিন চিকিৎসার জন্য নাতাশা ও তার বাবা বিমানে চড়ে, সেদিন তিনি বিমানবন্দরের ভেতরে ঢুকে তাকে শেষ বিদায় জানাননি। একটি প্রবল যন্ত্রণাবোধ তাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। সবকিছুতে তিনি অংশগ্রহণ করছেন, কিন্তু তার মনে হচ্ছিল, তিনি আসলে কোথাও নেই। তিনি এক অনস্তিত্বশীল দশায় নিপতিত।

৪.
নাতাশার চরিত্রের অন্যতম দিক হলো তার মুগ্ধ হওয়ার ক্ষমতা। এমনকি অসুস্থতাও তাকে এই ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারেনি। এ ছাড়া তার রয়েছে অসীম কৌতূহল। অসুস্থ হওয়ার পর তার যাবতীয় কৌতূহল গিয়ে ঠেকেছে মৃত্যুর পর তাকে নিয়ে কে কী ভাববে, জীবিতদের স্মৃতিতে সে কীভাবে থাকবে—এসব প্রশ্নকে কেন্দ্র করে। তার উদ্বেগের একটি মূল জায়গা হলো তার বাবা-মা। তার খুব ইচ্ছা, তার মৃত্যুর পর তার বাবা-মা একসঙ্গে থাকবেন। তার বাবা আগের মতো বিপুল উচ্ছ্বাসে তার মাকে নিয়ে লাল গাড়িতে ঘুরবেন। তাদের ভাই-বোন হবে। তাদের ঘিরে তার বাবা-মায়ের সুখের সংসার গড়ে উঠবে।

নাতাশার মাথার যন্ত্রণা যখন শুরু হয়, তখন কেউ তার আশপাশে থাকতে পারে না। তার বাবা-মা এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েন, তারা থরথর করে কাঁপতে থাকেন। কেবল ফুলির মা তখন তার পাশে এসে দাঁড়ান। তিনিই সেই মুহূর্তে তার একমাত্র ভরসা। নাতাশার যন্ত্রণা শুরু হলে ফুলির মা ব্যাকুল হয়ে পড়েন। কোরান শরীফ নিয়ে এসে তার মাথায় ছুঁইয়ে বারবার বলতে থাকেন : ‘ও আল্লা, পাক কালামের দোহাই লাগে!’ নাতাশার অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলতে থাকে তার দোয়া-দরুদ। ‘ইভান ইলিচের মৃত্যু’ গল্পেও আমরা এ ধরনের একটি চরিত্র পাই। তার নাম গেরাসিম, যিনি ইভান ইলিচের ভয়াবহ অসুস্থতার সময় সেবা-শুশ্রূষায় নিয়োজিত ছিলেন। ইভান ইলিচের সেবায় কখনো বিরক্ত বোধ করতেন না গেরাসিম। একজন মরণাপন্ন মানুষের সেবায় আত্মনিয়োগ করতে তার খারাপ লাগত না। কেননা তাঁর বিশ্বাস, একদিন তাকেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং সেদিন কেউ না কেউ তার সেবা করবে। ফুলির মাও কি একই বিশ্বাস নিয়ে নাতাশার পাশে দাঁড়াতেন?

ফুলির মায়ের সঙ্গে নাতাশার সম্পর্ক গড়ে ওঠার আরেকটি বড় কারণ হলো, ফুলির মা নাতাশাকে দিয়ে তার চিঠিপত্র লেখাতেন। ফলে ফুলির মায়ের জগৎ ছিল নাতাশার অতি পরিচিত। প্রতিবার চিঠি লেখার পর নাতাশাকে তা পড়ে শোনাতে হতো। সাদামাটা চিঠি। অথচ সেই চিঠি শুনে কঠোর ফুলির মায়ের চোখ থেকে দরদর করে পানি ঝরত। বিষয়টি নাতাশাকে খুবই অবাক করত।

চিকিৎসার জন্য আমেরিকা রওনা হওয়ার আগে নাতাশা চারটি চিঠি লিখে যায়। নিজের মৃত্যুর সম্ভাবনাকে মাথায় রেখেই তার এই চিঠিগুলো লেখা। সেসব চিঠিতে সে সবাইকে ঘিরে তার যাবতীয় চিন্তা ব্যক্ত করে। প্রথম চিঠিটিই সে লেখে ফুলির মাকে। তাতে ফুলির মায়ের যত্নের জন্য কৃতজ্ঞতা জানায়। সে লেখে : ‘ভালোবাসা ডাবল করে ফেরত দিতে হয়। তোমার ভালোবাসা আমি ডাবল করে ফেরত দিতে পারব না। এত ভালোবাসা আমার নেই। কিন্তু আমি নিশ্চিত পৃথিবীর মানুষ আমার হয়ে তোমাকে তোমার ভালোবাসা ডাবল করে ফেরত দিবে।’ এমনকি এ চিঠিতে মৃত্যুর পর ফুলির মায়ের প্রয়াত কন্যা ফুলিকে খুঁজে বের করার প্রতিশ্রুতিও দেয়।

দ্বিতীয় চিঠিটি সে লেখে তার নানিজানের কাছে, যাকে সে তার ‘জীবনের আদর্শ মানব’ মনে করত। এই চিঠিতে মৃত্যু ও অসুস্থতা প্রসঙ্গে তার নানিজানের বেশ কিছু ব্যাখ্যা তুলে ধরে। মানুষকে আল্লাহ কেন অসুখ-বিসুখ দেন, তার জবাবে নানিজান তাকে বলেন, ‘কঠিন যে পাপী তাকে শাস্তি দিতেও আল্লাহ পাক দ্বিধাবোধ করেন। তিনি নিজে সুন্দর। যা কিছু তিনি সৃষ্টি করেন তাও সুন্দর। রোগব্যাধি অসুন্দর। আমার মনে হয় না এই রোগ এই ব্যাধি তার তৈরি। তিনি প্রকৃতি সৃষ্টি করেছেন। তাকে আপন মনে চলতে দিয়েছেন। রোগব্যাধি জন্মেছে। তিনি সেখানে হাত দেননি। সবকিছুকে তিনি তার মতো চলতে দিয়েছেন। তাঁর সৃষ্ট জীবন যখন রোগব্যাধিতে কষ্ট পান তখন তিনিও কষ্ট পান।’ মৃত্যু বিষয়েও কানে কানে নাতাশাকে আশ্বস্ত করার মতো কিছু কথা বলেছিলেন তিনি। সেসব কথা অবশ্য চিঠিতে সে লেখেনি। তবে জানিয়েছে, ‘মৃত্যু আমার পাশে এসে যখন বসবে তখন আপনার কথাগুলি ভেবে আমি মনে সাহস পাব।’

শেষ দুটি চিঠি বাবা ও মায়ের উদ্দেশে লেখা। বাবাকে লেখা চিঠিটি সবচেয়ে সংক্ষিপ্ত। বাবার কাছে তার নিবেদন দুটি : ‘আমি যখন থাকব না তখন তুমি আমার কথা ভেবে কষ্ট পেও না’, ‘বাবা, তুমি মাকে সাহস দিও। আদর ভালোবাসা দিয়ে তুমি মার সব কষ্ট দূর করে দিও’। মায়ের জন্য লেখা চিঠিতে মায়ের কষ্ট লাঘবের প্রচেষ্টাই মুখ্য। মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার আক্ষেপও প্রকাশ পেয়েছে এ চিঠিতে। তা ছাড়া এ চিঠিতে দুটি আবদার জানায় সে : তিনি যেন সবসময় ফুলির মায়ের পাশে থাকেন এবং তার স্কুলে গিয়ে বাংলা আপা ও অঙ্ক আপাকে তাদের অসাধারণত্ব বিষয়ে তার দুটি মতামত জানান।

তার চিঠিগুলো এখানে একপ্রকার আত্মবিসর্জনের মতো হাজির হয়েছে। যেন চিঠির মধ্যস্থতায় নিজেকেই বিসর্জন দিচ্ছে নাতাশা।

নাতাশাদের বিমান যেদিন আকাশে ওড়ে, সেদিন আকাশ ছিল মেঘে ঢাকা। শেষরাতে যখন তাদের বিমান আকাশে ওড়ে, দিলশাদ তখন উত্তেজনায় দাঁড়িয়ে পড়েন। তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। তার কন্যা শরীরী যন্ত্রণা নিয়ে আকাশে উড়েছে, আর তিনি এক ব্যাখ্যাতীত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছেন বিমানবন্দরে।

নাতাশা বেঁচে ফিরেছিল কি না, তা আর জানা যায় না।

৫.
এপিটাফ–এর উৎসর্গপত্র দেখে বোঝা যায়, উপন্যাসটি তিনি লিখেছেন কোনো সত্য ঘটনাকে উপজীব্য করে। তিনি লিখেছেন : ‘শেফার স্মৃতির উদ্দেশে: কালান্তক ব্যাধি বাসা বেঁধেছিল মেয়েটির ছোট্ট শরীরে। সে সেই ব্যাধিকে অগ্রাহ্য করল। মৃত্যুকে গ্রহণ করল অসীম সাহসিকতায়। কে জানে মেয়েটির সাহস দেখে হয়তো মৃত্যুও লজ্জা পেয়েছিল।’

২০১২ সালে চিকিৎসার মাঝখানে আমেরিকা থেকে দেশে আসার পর এক সাংবাদিক হুমায়ূনকে বলেছিলেন, আপনার ভক্তরা কিন্তু অপেক্ষায় আছেন, আপনি কেমন আছেন, সেটা আপনার মুখ থেকে শোনার জন্য। তিনি সাংবাদিককে প্রশ্ন করলেন, ‘আমাকে দেখে তোমার কেমন আছি মনে হচ্ছে, তুমি বলো সেটা।’ জবাবে সেই সাংবাদিক বলেন, ‘অনেক ভালো লাগছে, স্যার।’ পরে তিনি বলেন, ‘ভাল্লাগছে না? আগেও ভালোই ছিলাম। আমি এ সমস্ত অসুখ, রোগ, ব্যাধি, এ সমস্তকে জীবনে কোনোদিনই পাত্তা দিইনি। এখনো দিচ্ছি না। যেটা হবার সেটা হবে। এটা নিয়ে হা-হুতাশ করে দুনিয়া মাতানোর তো কিছু নাই।’ সেই সাক্ষাৎকারে দেখা যায়, তিনি সবাইকে তার রোগটি ব্যাখ্যা করছেন। রোগটি সেরে যাওয়ার বিষয়ে খুবই আত্মবিশ্বাসী ছিলেন তিনি, কেননা আমেরিকার যে চিকিৎসক তাঁর অপারেশন করবেন, তিনি তাকে ভরসা দিয়েছিলেন। হুমায়ূন তাতে আস্থা রেখেছিলেন।

হুমায়ূনের দুনিয়া যুক্তির দুনিয়া। তিনি মহাত্মা সক্রেটিসের অনুগামী। যুক্তির মধ্য দিয়ে সবকিছুকে বোঝার চেষ্টা করেন তিনি। তার চরিত্ররাও তাই। কিন্তু ট্র্যাজেডি সবসময় যুক্তির অপর পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। যুক্তিকে নস্যাৎ করতে যখন সে ঝাঁপিয়ে পড়ে, তখন প্রচণ্ড যুক্তির অধীন থাকা হুমায়ূনকেও পিছু হটতে হয়। তাকে রচনা করতে হয় এপিটাফ!

মেহেদী হাসান : লেখক ও গবেষক
[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত