ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

সংঘাত, নিরাপত্তাহীনতা ও পরিবহনপথে বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ এএম

ইয়েমেনে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহনপথে বিধিনিষেধের কারণে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা পৌঁছানোর কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ত্রাণবিষয়ক ওয়েবসাইট রিলিফওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরা।

আইওএম ইয়েমেনের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘একবার কল্পনা করুন, আপনাকে সবকিছু পেছনে ফেলে বাড়ি ছাড়তে হচ্ছে। অথচ আপনি জানেন না, সেই রাতে পরিবারের সদস্যরা কোথায় ঘুমাবেন কিংবা সন্তানদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি কীভাবে জোগাড় করবেন। ইয়েমেনে লাখ লাখ মানুষের বাস্তবতা এখন এমনই।’

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে নানা বাধার কারণে বিলম্ব হচ্ছে। একই সঙ্গে বাড়ছে মানুষের মানবিক সহায়তার চাহিদা। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই এসব পরিবারের কাছে পৌঁছাতে জরুরি ভিত্তিতে আরও সহায়তা প্রয়োজন।

সর্বশেষ বাস্তুচ্যুতির পরিসংখ্যান বলছে, বছরের পর বছর ধরে চলা সংঘাতের কারণে আগে থেকেই সংকটে থাকা জনগোষ্ঠীর ওপর চাপ ক্রমেই বাড়ছে। বাস্তুচ্যুত মানুষের প্রায় সবাই ইয়েমেনের তিনটি গভর্নরেট বা প্রশাসনিক অঞ্চল থেকে এসেছেন। এর মধ্যে তাইজ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৮১৯ জন, যা মোট সংখ্যার ৬৬ শতাংশ। লাহজ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৭২ হাজার ১৮ জন বা ২১ শতাংশ। আর আল হুদাইদাহ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৪০ হাজার ৭৮২ জন, যা মোট সংখ্যার ১২ শতাংশ।

বাস্তুচ্যুত এসব মানুষের অনেকেই নিজ নিজ প্রশাসনিক অঞ্চলের মধ্যেই অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন। এতে আগে থেকেই মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাওয়া স্থানীয় জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

সহিংসতার কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়াই একমাত্র চ্যালেঞ্জ নয়। অনেক পরিবার পর্যাপ্ত আশ্রয়, নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির সুযোগ ছাড়াই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় জরুরি সেবার চাহিদাও বাড়ছে। এতে আগে থেকেই সীমিত সম্পদের ওপর চাপ তৈরি হয়েছে এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলো চাহিদা অনুযায়ী সেবা দিতে হিমশিম খাচ্ছে।

চলমান সংঘাত, নিরাপত্তাহীনতা এবং গুরুত্বপূর্ণ পরিবহনপথে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব কারণে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছাতে বিলম্ব হচ্ছে। পাশাপাশি মানবিক সহায়তাকর্মীদের অভাবগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য লড়াই করা বাস্তুচ্যুত পরিবারগুলোর ক্ষেত্রে এই বিলম্বের অর্থ হলো, জরুরি সহায়তা ছাড়াই তাদের আরও দীর্ঘ সময় কাটাতে হচ্ছে।

এতসব বাধার মধ্যেও ক্ষতিগ্রস্ত প্রশাসনিক অঞ্চলগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইওএম। গত ১ আগস্ট থেকে স্থানীয় কর্তৃপক্ষ, জাতিসংঘের সহযোগী সংস্থা এবং স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে কাজ করে বাস্তুচ্যুত পরিবারগুলোকে জরুরি আশ্রয়, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত উপকরণ এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারের সবচেয়ে জরুরি প্রয়োজন মেটাতে এসব সহায়তা দেওয়া হচ্ছে। সম্মিলিত এই কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ২১ হাজার ৩৮৪টি পরিবার সহায়তা পেয়েছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৮ হাজার ২৪২ জনকে সুরক্ষাসেবা দিয়েছে আইওএম। দেশটির স্বাস্থ্যব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও বাস্তুচ্যুত পরিবারগুলোর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংস্থাটি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে ৭০ হাজার ৫৩৫টি পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়েছে।

আইওএমের বাস্তুচ্যুতি পর্যবেক্ষণ ব্যবস্থা (ডিটিএম)-এর মাধ্যমে বাস্তুচ্যুতির প্রবণতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মানবিক সহায়তাকারী অংশীদার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সময়োপযোগী তথ্য বিনিময় করছে সংস্থাটি। এর উদ্দেশ্য হলো, যেসব এলাকায় সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে যথাযথভাবে সহায়তা পৌঁছে দেওয়া।

তবে প্রয়োজনের তুলনায় সহায়তার জন্য বরাদ্দ সম্পদ কম থাকায় পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ এবং অতিরিক্ত অর্থায়ন অত্যন্ত জরুরি বলে জানিয়েছে সংস্থাটি।

আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘প্রতিদিন সহায়তা পৌঁছাতে বিলম্ব হওয়ার অর্থ হলো, আরও বেশি পরিবার ঝুঁকির মুখে পড়ছে। মানুষের নিরাপত্তা, প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ এবং নতুন করে জীবন গড়ে তোলার উপায় প্রয়োজন। সহায়তা না বাড়লে পরিবারগুলোর প্রয়োজন এবং আমরা যে সহায়তা দিতে পারছি, তার মধ্যকার ব্যবধান আরও বাড়বে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত