এমপির বাড়িতে আগুন

তদন্ত নিয়ে সংশয় আলাদা তদন্ত করবে বিরোধী দল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। তাদের আশঙ্কা তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। এ ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আলাদাভাবে তদন্তের ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তারা বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাননি। অথচ তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলেছেন। এতে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা আলাদাভাবে ঘটনাটি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করবেন এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে মোকাবিলায় সরকারের সদিচ্ছা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে মাহমুদা মিতু জানান, বাড়িটিকে পরিত্যক্ত বলা হলেও সেখানে মানুষের বসবাসের প্রমাণ রয়েছে। শিশুদের পড়ার টেবিল, বইপত্র, খাবার ও রান্নার সরঞ্জাম তারা দেখেছেন। তিনি দাবি করেন, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন।

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই আগুনের সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়া তদন্তের ওপর চাপ তৈরির শামিল। তিনি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নুসরাত তাবাসসুম বলেন, মামলা করার সময় একজন আসামির অবস্থান মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ : এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা শেষে এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক।

পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের একটি কারিগরি দল বাড়িটির বৈদ্যুতিক মিটার, প্রধান সংযোগ লাইন এবং অভ্যন্তরীণ তারের সংযোগ পরীক্ষা করে।

তোজাম্মেল হক জানান, তারা ঘটনাস্থলের বৈদ্যুতিক সংযোগ ও সার্কিটগুলো নিবিড়ভাবে পরীক্ষা করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন ও মিটারের অবস্থা দেখে এটিকে বৈদ্যুতিক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।

চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ : এদিকে নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গতকাল বেলা ২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। এমপি ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ সর্বাধিক পঠিত