দেশের ৩৫ জন প্রতিষ্ঠিত ও উদীয়মান সমসাময়িক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর গুলশানে ডিডি আর্ট গ্যালারিতে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান ১-এর ২৭ নম্বর সড়কে ডিডি আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম। এ সময় দেশের শিল্পী, শিল্পসংগ্রাহক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের শিল্প-সংস্কৃতি, কারুশিল্প ও নাট্যচর্চাকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করে সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সঠিকভাবে বিকশিত করা গেলে এ খাত দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অন্তত ২ শতাংশ অবদান রাখতে সক্ষম হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সৃজনশীল অর্থনীতি মানে শুধু অনুদান বা সহায়তা দেওয়া নয়; বরং শিল্পী ও কারিগরদের কাজের যথাযথ মূল্যায়ন এবং দেশি-বিদেশি বাজারে তা বিপণনের সুযোগ তৈরি করা। এ জন্য গ্রামীণ কারিগরদের কাঁচামাল কেনা, সহজ শর্তে ঋণ, নকশা ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সরকারি সহায়তা প্রয়োজন।’ পাশাপাশি দেশের সংস্কৃতি ও নাট্যচর্চার বিকাশে একটি পূর্ণাঙ্গ ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ বা নাট্যপল্লী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে শিল্পচর্চা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। দেশের শিল্পীরা এখন ভেনিস বিয়েনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। ৫০ বছর আগেও দেশে কোনো আর্ট গ্যালারি ছিল না। অথচ এখন শুধু ঢাকার লালমাটিয়াতেই আটটি গ্যালারি রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও চিত্রকর্ম, ভাস্কর্য ও শিল্পকলা দেখার আগ্রহ বাড়ছে।’
ডিডি আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা ও কিউরেটর রিজওয়ান বিন ফারুক বাংলাদেশের শিল্পকলাকে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তিনি শিল্পকর্মের পেশাদার মূল্যায়ন, শিল্পকর্ম বিক্রির ক্ষেত্রে মূলধনী মুনাফা কর অব্যাহতি এবং শিল্পী ও সৃজনশীল উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে স্বল্পসুদের অর্থায়নের সুযোগ তৈরির প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘শিল্প শুধু সংস্কৃতির বিষয় নয়; এটি পুঁজি, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, রপ্তানি ও জাতীয় সম্পদেরও অংশ। যথাযথ নীতিমালা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব নিশ্চিত করা গেলে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।’
প্রদর্শনীতে অংশ নেওয়া ৩৫ শিল্পীর বৈচিত্র্যময় চিত্রকর্ম ও শিল্পকর্মে বাংলাদেশের আধুনিক এবং সমসাময়িক শিল্পকলার নানা দিক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিডি আর্ট গ্যালারিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ডিডি আর্ট গ্যালারি গুলশান ১-এ নিজস্ব স্থায়ী গ্যালারি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছে। প্রদর্শনী আয়োজন, শিল্পকর্ম বিক্রি, সংগ্রহ ও নিলামের জন্য পেশাদার প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি দেশি-বিদেশি শিল্পসংগ্রাহক ও শিল্পানুরাগীদের সঙ্গে বাংলাদেশের শিল্পীদের সংযোগ স্থাপন করাই গ্যালারিটির লক্ষ্য।