গাজীপুর সাফারি পার্কে আরও তিন বাঘ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

গাজীপুরের শ্রীপুরে প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে তিনটি বাঘ আনা হয়েছে। সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা উপহার দেওয়া হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানাকে। দুপক্ষের আলোচনার মাধ্যমে এ বিনিময় সম্পন্ন করা হয়।

পার্ক কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা করেছে। পর্যায়ক্রমে বাকি তিনটাও করা হবে। এ নিয়ে পার্কে বাঘ সংখ্যা ১০টিতে দাঁড়াল, যার একটি বিরল সাদা বাঘ।

গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। যার মধ্যে দুটি নারী, একটি পুরুষ বাঘ। তিনটি বাঘই প্রাপ্ত বয়স্ক। পার্কের আলাদা বেষ্টনীতে (কোয়ারেন্টাইন জোনে) রাখা হয়েছে বাঘগুলো। নির্দিষ্ট সময় পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শন মো. রাজু আহমেদ বলেন, তিনটি বাঘের (নারী ও পুরুষ) শারীরিক অবস্থা ভালো। আলাদা রেখে নজরদারি করা হচ্ছে। বাঘগুলো অ্যাডাল্ট। শারীরিকভাবে বাঘ তিনটি সম্পূর্ণ সুস্থ। আনার পর প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তারেক রহমান বলেন, আজ (শুক্রবার) ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবেন। তিনি আরও জানান, বাঘগুলো সুস্থ, স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি। যাদের মধ্যে এ পার্কে জন্ম নেওয়া একটি বিরল সাদা বাঘও আছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে  সাফারি পার্কের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। এ মৌসুমে আরও বেশ কিছু প্রাণী সংযোজন হতে পারে বলে আশা রাখছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত