ব্রাজিলের কোচের দায়িত্ব নেবার পর জাপান সফরে এসে প্রথম ম্যাচেই হেরেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এরপর বিশ্বকাপে রাউন্ড ৩২-এর ম্যাচে জাপানকে কর্ষ্টাজিত জয় পেয়েছিল ব্রাজিল। কিন্তু আজ ফিফা প্রীতি ম্যাচে আবার হেরেছে আনচেলত্তির ব্রাজিল।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল সত্বেও জাপানিজদের কাছে ২-৩ গোলে হেরেছে তারা। ইনজুরি টাইমে জয়সূচক তৃতীয় গোলটি হজমের পর মেজাজ হারিয়ে ফেলেন সেলেসাওরা। গোলের আগে ফাউলের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ফলে তাকে লাল কার্ড দেখান রেফারি। এ ছাড়া বেঞ্চে থাকা ফরোয়ার্ড রাফিনহাকেওও অতিরিক্ত প্রতিবাদের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচের শুরুতেই এস্তেভাওয়ের একটি বাঁকানো শট বাম পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এরপর তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ব্রাজিল দলকে বেশ চাপে রাখে জাপান। ব্রাজিলের হাই ডিফেন্সিভ লাইনের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন তাকেফুসা কুবো। রিতসু দোয়ানের পাস ধরে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান কুবো।
সিঙ্গাপুরে ঘরের মাঠের মতো পরিবেশে খেলা জাপান এরপরও আক্রমণ চালিয়ে যায়। দাইজেন মায়েদা একটি সহজ সুযোগ নষ্ট করলেও পরক্ষণেই ব্যবধান দ্বিগুণ করে তারা। শুতো নাকানোর ক্রস থেকে বক্সের প্রান্তে বল পেয়ে নিচু শটে গোলটি করেন কেইতো নাকামুরা। ফলে প্রথম ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।
ভিনিসিয়ুসের জাদু ও ব্রাজিলের ঘুরে দাঁড়ানো
রক্ষণভাগে দুর্বলতা থাকলেও আক্রমণে বরাবরই ভয়ংকর ব্রাজিল। গোলরক্ষক জিয়ন সুজুকিকে একা পেয়েও এস্তেভাও গোল করতে ব্যর্থ হওয়ার পর দলের হাল ধরেন ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের বাইরে থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার বুলেট গতির শট জালের ওপরের কোনায় জড়িয়ে যায়। বিরতির ঠিক আগে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল, তবে আন্দ্রে’র শট দারুণ দক্ষতায় রুখে দেন জাপান গোলরক্ষক সুজুকি। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের আরও একটি দুর্দান্ত গোলে ২-২ সমতায় ফিরে লড়াইয়ে জমে ওঠে ম্যাচ।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারিকে ঘিরে ধরে কৈফিয়ত দাবি করেন ব্রাজিলের খেলোয়াড়রা। ব্রাজিল দলের দাবি ছিল, ৯০তম মিনিটে জাপানের জয়সূচক গোলটির ঠিক আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়াও গোমেজের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় তাকে ফাউল করেছিলেন তাকুমি মিনামিনো। রেফারি ফাউলের বাঁশি না বাজানোয় সেই আক্রমণ থেকেই গোল করে জয় নিশ্চিত করে জাপান।
এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে ব্রাজিল শিবির। মাঠে থাকা খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরেন এবং বেঞ্চে থাকা অনেকেই মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে কোচ কার্লো আনচেলত্তিও ছিলেন, যাকে তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখানো হয়। সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়া রাফিনিয়াকেও লাল কার্ড দেখান রেফারি। এই নিষেধাজ্ঞার কারণে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
এই জয়ে সবশেষ ১৬টি আন্তর্জাতিক ম্যাচে জাপানের একমাত্র হার হয়ে রইল বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচটি (১২ জয়, ৩ ড্র)।