পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক

এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তবে তিন দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে মাস্কের অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসবেন। খবর সিএনএন।

শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে মূলত পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পাবে। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে নতুন কোনো চুক্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ট্রাম্প।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও আলোচনা করবেন তিনি। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। অন্যদিকে চীন দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সম্প্রসারণ করছে।

তবে নতুন কোনো পারমাণবিক অস্ত্র চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ দেখাননি মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, এ বৈঠক হবে আলোচনার সূচনা।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না। আমি এটিকে আলোচনার প্রবেশদ্বার বা সূচনা হিসেবে দেখছি। দেশগুলোর নেতাদের পর্যায়ে এটি হবে প্রথম আলোচনা।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, এটি এমন একটি আলোচনার শুরু হবে, যা ভবিষ্যতে ফলপ্রসূ হয়ে উঠবে।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বিশ্বনেতারা ইরান নিয়েও আলোচনা করতে পারেন।

এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তবে তিন দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে মাস্কের অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে ত্রিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বেইজিং ও মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত