ব্রাজিলকে প্রথমবার নেতৃত্ব দিতে গিয়ে লাল কার্ড দেখলেন রাফিনহা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিয়মিত অধিনায়ক মার্কিনিহোস চ্যাম্পিয়ন্স লিগে পেশির চোটে পড়ে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে এই প্রীতি ম্যাচে ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন রাফিনহা। তবে সেলেসাওদের জার্সিতে নেতৃত্বের অভিষেক ম্যাচটি তার জন্য সুখকর হলো না; ম্যাচজুড়ে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি পুরো ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাফিনহা, 'সবার আগে, আমার আচরণ ও লাল কার্ড দেখার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অনেক সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। আমার মতে, পুরো ম্যাচ জুড়ে রেফারি এত বেশি ভুল সিদ্ধান্ত নিয়েছেন যে তা মেনে নেওয়া যায় না। আমি বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু মনে হয়নি যে তিনি আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। এটা মেনে নেওয়া যায় না।'

রেফারির ভুলের হিসেব দিতে গিয়ে রাফিনহা বলেন, 'আমার মনে হয়, তাদের করা প্রথম গোলটির আগে হ্যান্ডবল হয়েছিল। তবে ফুটবলের বর্তমান নিয়ম বিবেচনায় হয়তো তা হজম করা যায়। কিন্তু প্রথমার্ধে আমাদের পেনাল্টি পাওয়ার কথা ছিল, অথচ রেফারি তা দেননি। এরপর তাদের তৃতীয় গোলের সময় জোয়াও গোমেসের ওপর স্পষ্ট ফাউল করা হয়েছিল। এমনকি ভিএআর-এর সাহায্য নিয়েও তারা গোলটি বহাল রাখল। রেফারিদের পারফরম্যান্স নিয়ে কথা না বলে উপায় থাকে না।'
 
রাফিনহা বলেন, 'আমরা ম্যাচের শুরু থেকেই চেষ্টা করেছি। আমাদের যেসব জায়গায় উন্নতি করা প্রয়োজন, সেগুলোকে ছোট করে দেখছি না। বিশ্বকাপ ছাপিয়ে আমরা আবার নিজেদের খুঁজে নিচ্ছি এবং দল হিসেবে বেড়ে উঠছি। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আমাদের খেলা অনেক ভালো ছিল। কিন্তু যখন আপনার প্রতিপক্ষ শুধু দল নয়, বরং রেফারিও হয়ে দাঁড়ায়—তখন পরিস্থিতি খুবই জটিল হয়ে যায়।"
 
তবে নিজেদের দায় এড়িয়ে যাননি রাফিনহা, 'আমাদের খেলায় অনেক ঘাটতি আছে এবং সেগুলোর উন্নতি আমাদেরই করতে হবে। আমরা আরও ভালো করব। তবে আজকের ম্যাচে রেফারিদের এই ভূমিকা কোনোভাবেই শাস্তিহীন রাখা যায় না।'
সর্বশেষ সর্বাধিক পঠিত