গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবে বিএনপি নেতাকর্মীরা।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। তারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আগুন লাগানো ও বোমাবাজির মতো ঘটনা ঘটাচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা চলছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না।

রুহুল কবির রিজভী বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর হবে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবে বিএনপি নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত