হিমালয়ের লবুচে ইস্ট জয় করল তিন বাংলাদেশি

তিন পর্বতারোহীরই রয়েছে উল্লেখযোগ্য উচ্চতার পর্বত আরোহণের অভিজ্ঞতা। 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট পর্বতশৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য। 

গত ১৪ নভেম্বর বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে এই অভিযানে সফলভাবে চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির। 

‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এ অংশ নিতে দলের সদস্যরা ঢাকা থেকে বিভিন্ন সময়ে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্রিত হওয়ার পর শুরু হয় তাদের মূল অভিযান। নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে কয়েক দিনের দীর্ঘ ট্রেকিং শেষে ১৩ নভেম্বর ৫ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে পৌঁছান তারা।

১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে শুরু হয় চূড়ান্ত শৃঙ্গারোহণ। রাতের অন্ধকারে হেডল্যাম্পের আলোয় পাথুরে ও বরফাচ্ছাদিত খাড়া পথ পাড়ি দিয়ে ফিক্সড রোপ ও জুমারের সহায়তায় এগিয়ে যান পর্বতারোহীরা। দীর্ঘ ও কষ্টসাধ্য আরোহণ শেষে সকাল ৬টায় প্রথমে চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক। পরে সকাল ৮টায় সফলভাবে শৃঙ্গ জয় করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।

তিন পর্বতারোহীরই রয়েছে উল্লেখযোগ্য উচ্চতার পর্বত আরোহণের অভিজ্ঞতা। কাওছার রূপক এর আগে আমা দাবলামসহ একাধিক ৬ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। ডা. শাহনাজ আক্তার ২০২৫ সালে ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক জয় করেন। অন্যদিকে শামীম সাব্বির ২০১২ সালে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভারতের ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ শৃঙ্গে সফল আরোহণ করেন।

তিন সদস্যের সফল শৃঙ্গারোহণের মধ্য দিয়ে বিএমটিসির লবুচে ইস্ট অভিযান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণের অগ্রযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত