বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও দেশটির ‘সোনালী প্রজন্মের অন্যতম সদস্য রোমেলু লুকাকু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, এই সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ শান্ত ও তৃপ্ত।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লুকাকু তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির কথা জানান। তিনি বলেন, ‘১৬ বছর ধরে আমি জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি... আমি সম্ভাব্য প্রতিটি অনুভূতির মধ্য দিয়ে গেছি। চমৎকার এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’
বেলজিয়ামের জার্সিতে ১৩৫ ম্যাচ খেলে রেকর্ড ৯৪ গোল করেছেন লুকাকু। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছেন। তার ওপরে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, আলী দায়ী ও সুনীল ছেত্রী।
জাতীয় দলের হয়ে ৪টি বিশ্বকাপ (২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) ও ৩টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) অংশ নিয়েছেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত রবিবার উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের বড় জয়ের ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি লুকাকু। এটিই জাতীয় দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট হিসেবে রয়ে গেল।
বেলজিয়াম ক্লাব আন্ডারলেখট থেকে ক্যারিয়ার শুরু করে চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো শীর্ষ ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে তিনি তুর্কি ক্লাব ফেনারবাচেতে ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন।
‘ব্ল্যাটারের চেয়েও খারাপ অবস্থা করেছেন ইনফান্তিনো’—ফিফা সভাপতির বিদায় চাইলেন ক্লপ