কর্মস্থলের প্রতি ভালোবাসা ও রিজিকে প্রবৃদ্ধি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

মানুষের জীবনে কর্মক্ষেত্রের গুরুত্ব অনেক। এখান থেকেই তার জীবিকার ব্যবস্থা হয়। পরিবার চলে, সন্তানদের প্রয়োজন পূরণ হয় এবং জীবনের নানা দায়িত্ব পালন করা সম্ভব হয়। তাই যে প্রতিষ্ঠান বা কর্মস্থলের মাধ্যমে জীবিকার ব্যবস্থা হচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান থাকা জরুরি। 

২০২৪ সালের ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুফতি ড. শাদ মুহাম্মদ একটি পোস্ট করেন। সেখানে তিনি মুফতি তাকি উসমানির বেশ কিছু উক্তি উল্লেখ করেন। সেগুলোর মধ্যে একটি হলো, ‘যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে, সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো এবং সম্মান করো। মনে রাখবে, এই সম্মান এবং ভালোবাসার পরিমাণ যেমন হবে, তোমার রিজিকের পরিমাণও তেমনই হয়ে থাকবে।’

কথাটির মধ্যে কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। অনেক মানুষ কর্মস্থল থেকে বেতন-ভাতা গ্রহণ করেন, কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব ও আন্তরিকতার পরিচয় দেন না। কেউ কাজে ফাঁকি দেন, কেউ সময়মতো উপস্থিত হন না, আবার কেউ দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। অথচ কর্মস্থল তার জীবিকা নির্বাহের মাধ্যম। তাই এর প্রতি অবহেলা করা নিজের দায়িত্বের প্রতিই অবহেলা।

কর্মস্থলকে ভালোবাসার অর্থ হলো নিজের দায়িত্বকে গুরুত্ব দেওয়া। প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা, সময়ের মূল্য দেওয়া, সততার সঙ্গে কাজ করা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সচেষ্ট থাকা। সহকর্মীদের সঙ্গে সুন্দর আচরণ করাও এর অংশ। কর্মস্থলের প্রতি আন্তরিকতা থাকলে কাজের পরিবেশ ভালো হয়। প্রতিষ্ঠানের উন্নতি হয়, পাশাপাশি কর্মীর দক্ষতা ও গ্রহণযোগ্যতাও বাড়ে।

তবে মনে রাখতে হবে, রিজিকের প্রকৃত মালিক মহান আল্লাহ। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি রিজিকের মাধ্যম হতে পারে, কিন্তু রিজিকদাতা নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা, শক্তির অধিকারী ও পরাক্রমশালী।’ (সুরা জারিয়াত ৫৮)

তাই কর্মস্থলের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাও জরুরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত