জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে ২১টি প্রকল্প। এর মধ্যে নতুন ১৬টি এবং সংশোধিত পাঁচটি প্রকল্প রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সোমবার (১৬ নভেম্বর) পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেকের আলোচ্যসূচির প্রথমে রয়েছে স্থানীয় সরকার বিভাগের ছয়টি প্রকল্প। এগুলো হল—উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রস্তাবিত প্রথম সংশোধন); ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ (ফেজ-১)।
এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-তৃতীয় পর্যায়’ (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন) সভায় উপস্থাপন করা হবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে আলোচ্যসূচিতে। এগুলো হল—দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ; সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা (প্রথম পর্যায়) এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পও রয়েছে তালিকায়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্প হল—জয়পুরহাট সড়ক বিভাগাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উঠবে। এগুলো হলো—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধন) এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধন)। এ ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের ‘আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন’ (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন’ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন) প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।
এদিকে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদারকরণ, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন এবং ইউএসএআইডি প্রতিবেশ প্রকল্প (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ)।
কৃষি মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অবহিতকরণের তালিকায় রয়েছে। এগুলো হল—জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ’, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে পুরোনো সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ’ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ’ প্রকল্পও একনেককে অবহিত করা হবে।