কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ছয়জন তালিকাভুক্ত মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের এক নারী নাগরিককেও আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির ১০ ও ৬০ ব্যাটালিয়ন পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির সদস্যরা থানা-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের শাহজাহানের ছেলে জীবন মিয়া (২৮), একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩) এবং আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামের আয়াত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
এ ছাড়া নাজমা বেগম সাইকিয়া (৩১) নামের এক ভারতীয় নারীকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয়েছে। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের সোনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।