মাধবপুরে ধারাল অস্ত্রের আঘাতে ট্রাক্টরচালক নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ধারাল অস্ত্রের আঘাতে রফিক মিয়া নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ও অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রফিককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সোমবার রাতে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)সহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে রফিককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রফিক ও অভিযুক্ত উজ্জ্বল দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত উজ্জ্বলসহ এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে একই গ্রামের দুই মাদক কারবারির একজনের মৃত্যুর ঘটনায় রাজনগর ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সর্বাধিক পঠিত