পাবনায় পরিত্যক্ত স্কুলভবন থেকে ৭৭ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা এসআরবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার।

এসআরবি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল ও বোমা তৈরি করে নাশকতার কাজে সরবরাহ করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন আকারের ৭৭টি ককটেল সদৃশ বস্তু, ১৩০ গ্রাম গানপাউডার, লাল টেপসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে রাজশাহী থেকে আসা এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় মঙ্গলবার দুপুরে সেগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাবনা এসআরবি'র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে, পেশাদারভাবে ককটেল তৈরি করে নাশকতার কাজে এগুলো সরবরাহ করা হতো। অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।"

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অন্যান্য আলামত নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত