রাজধানীর যাত্রাবাড়ীতে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানাটি সিলগালা করে দিয়েছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের ওই প্রতিষ্ঠানের কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার তৈরি ও বিক্রি করছিল। ক্রেতাদের বিভ্রান্ত করতে তারা পণ্যে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহারের পাশাপাশি মিথ্যা তথ্যও দিয়ে আসছিল। এসব অনিয়মের কারণে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেন এবং কারখানাটি সিলগালা করেন।
বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদভুক্ত ৩৩৫টি পণ্যের মধ্যে গিজার অন্যতম। তাই এই পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ করা বাধ্যতামূলক। অনুমোদনহীন ও নিম্নমানের গিজারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকলে তা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।
এ ক্ষেত্রে গিজার কেনার আগে পণ্যটির বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানির চাপ সহ্য করার ক্ষমতা নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষিত কি না, তা যাচাই করা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে ঘাটতি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা ট্যাংক ফেটে যাওয়ার মতো বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বিএসটিআই কেবল বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষার পরই লাইসেন্স প্রদান করে থাকে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
পণ্যের মান নিশ্চিত করতে এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।