যাত্রাবাড়ীতে লুটের সময় জব্দ করা অস্ত্র-গুলি র‍্যাবের কাছে হস্তান্তর

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া ৬০ আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‌্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এগুলো হস্তান্তর করা হয়। 

র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা-বারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে থাকা ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। 

ছবি : দেশ রূপান্তর

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট শেখ রাসেল সেনানিবাস থেকে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি টহলদল নরসিংদী আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেন। টহল দলটি সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর যাত্রাবাড়ীর র‌্যাব-১০ এর কার্যালয়ের সামনে পৌঁছালে দেখতে পায়, আন্দোলনকারীরা র‌্যাব ১০ এর সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতারাজ চালাচ্ছে। এসময় মেজর জিহান উদ্দিন আহমেদ খানের আদেশে টহল দলটি র‌্যাব কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় লুট করা অস্ত্র উদ্ধারে তাৎক্ষণিক স্পেশাল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ জন আহত র‌্যাব সদস্যকে উদ্ধার করা হয়। এসময় লুট করা নাইন মিমি পিকে ১৯টি, নাইন মিমি এআরএস ৪টি এসএমজি ৬টি, শর্টগান ১৬টি, এ্যান্টি রাওট গান ১৫টিসহ ৬০টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তা নরসিংদী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। 

অস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নরসিংদী আর্মি ক্যাম্পে মোতায়েনরত ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত