ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ ও বিমান হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর)) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
চিকিৎসাকর্মীরা জানান, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছর বয়সী শিশু ইয়াস আল-নিমনিমও রয়েছে। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং উত্তরাঞ্চলের বির আল-নাজা এলাকায় পৃথক দুটি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন।
এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের বড় ধরনের সংঘাত বন্ধ হয়। তবে এরপরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হয়নি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন পাঁচ ইসরায়েলি সেনা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করেন। ইসরায়েলি হিসাব অনুযায়ী, ওই হামলার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।