উচ্চশিক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃত্তি ও সামাজিক সহায়তা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও অংশ নেন। খবর রয়টার্স।
ফরাসিভাষী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এফইএফের আহ্বানে মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রাসেলসের সেন্ট্রাল রেলস্টেশনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এতে ফ্লেমিশ শিক্ষার্থী, বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য এবং ধাতুশিল্প খাতের কর্মীরাও সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের বৃত্তি ও সামাজিক সহায়তা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ জানান। একই সঙ্গে উচ্চশিক্ষায় আরও অর্থায়নের দাবি তোলেন তারা।
রেলস্টেশনের সামনে থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সুরলেত দ্য শোকিয়ে স্কয়ারের দিকে অগ্রসর হন। সেখানে ওয়ালোনিয়া-ব্রাসেলস ফেডারেশনের প্রশাসনিক কার্যালয় অবস্থিত।
ফ্লেমিশ স্টুডেন্ট ইউনিয়নের (ভিভিএস) সভাপতি নেলে ভ্যান হয়ভেহেন বলেন, শিক্ষার্থীদের বৃত্তি ও পারিবারিক অনুদান কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনে কর আরোপের ফলে শিক্ষার সুযোগ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
তিনি বলেন, এসব পদক্ষেপের কারণে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া ঝুঁকির মুখে পড়ছে।
এদিকে বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ব্রাসেলসের ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলসের (ইউএলবি) সলবশ ক্যাম্পাসের প্রবেশপথ অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী সংগঠন ইউএসইর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
বিক্ষোভকে কেন্দ্র করে স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে ব্রাসেলস-ক্যাপিটাল/ইক্সেলস পুলিশ। এ সময় চালকদের বিক্ষোভ মিছিলের পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নগরীর গণপরিবহন ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি ট্রাম ও বাসের চলাচলে বিলম্ব এবং রুট পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।