গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ সদস্যরা সরে গেলে উত্তেজিত নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন।
এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরবর্তী সময়ে তাঁরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারসংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে।
এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার পর এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
জানা গেছে, সন্ধ্যায় মিছিল নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
গত রবিবার শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ওসব আসামিকে ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।