বঙ্গোপসাগরের বুকে নির্জন দ্বীপ চর হেয়ার। চারদিকে সবুজ বন, বিস্তীর্ণ চর, গবাদিপশুর বিচরণ আর নানা প্রজাতির বন্যপ্রাণীর আনাগোনা। দ্বীপের একটি গাছের ডালে ঝুলছে বিশাল আকৃতির ভিমরুলের বাসা। দূর থেকে দেখতে প্রকৃতির তৈরি অদ্ভুত এক স্থাপনার মতো। বাসাটি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন কৌতূহলী পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ জীবনে প্রথমবারের মতো এত বড় ভিমরুলের বাসা দেখে বিস্ময় প্রকাশ করছেন।
এই ভিমরুলের বাসাটি ঘিরেই বদলে গেছে দ্বীপের বাসিন্দা স্বপন দালালের চিন্তাভাবনা। যে বাসাটি একসময় ভেঙে ফেলার কথা ভেবেছিলেন, এখন সেটি রক্ষায় নজরদারি করছেন। পর্যটকদেরও সতর্ক করছেন, যেন কেউ বাসাটির ক্ষতি না করেন।
প্রায় ৩০ বছর চর হেয়ার দ্বীপে বসবাস করছেন স্বপন দালাল। মাছ ধরা, কৃষিকাজ এবং মহিষ ও ভেড়া পালন করেই চলত তার জীবিকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। তার মতো আরও সাত-আটটি পরিবার দ্বীপটিতে বসবাস করে।
স্বপন জানান, চর হেয়ার দ্বীপটি আগে কলাগাছিয়া নামে পরিচিত ছিল। প্রায় চার বছর আগে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত বাড়তে শুরু করে। তাদের আনাগোনা দেখে তিনি একটি ছোট দোকান চালু করেন। পাশাপাশি পর্যটকদের খাবার ও প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করেন। রাতযাপনে আগ্রহীদের জন্য রেখেছেন তাঁবুর ব্যবস্থাও। তার উদ্যোগে শুরু হওয়া একটি দোকান থেকে বর্তমানে দ্বীপে দোকানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে।
স্বপনের বাড়ির কাছেই প্রায় চার মাস আগে তৈরি হয় বিশাল আকৃতির ভিমরুলের বাসাটি। এর আগে বনের ভেতরে ছোটখাটো বাসা দেখলেও বসতবাড়ির এত কাছে এমন বড় বাসা কখনো দেখেননি তিনি।
স্বপন বলেন, ‘প্রথম দিকে ভেবেছিলাম বাসাটি ভেঙে ফেলব। পরে একজন সাংবাদিক ভাই বুঝিয়েছেন, এটি প্রকৃতিরই অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী। এরপর আর বাসাটি ভাঙার কথা ভাবিনি। বরং এখন যেন কেউ বাসাটি নষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখছি।’
তিনি আরও বলেন, ‘শহরের অনেক মানুষ আছেন, যারা জীবনে কখনো এত বড় বাসা দেখেননি। এখন অনেক পর্যটক শুধু বাসাটি দেখতেই আসেন। আমরা সবাইকে দূর থেকে দেখতে বলি। বাসার কাছে যেন কেউ না যায়, ঢিল না ছোড়ে কিংবা ভিমরুলকে বিরক্ত না করে, সে বিষয়ে সতর্ক করি। পর্যটকদের নিরাপত্তার জন্য দূরে একটি সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর পরিকল্পনাও রয়েছে।’
ঢাকা থেকে আসা পর্যটক সোহেল বলেন, ‘ছোটবেলা থেকে ভিমরুলের বাসার কথা অনেক শুনেছি, তবে এত বড় বাসা সরাসরি এই প্রথম দেখলাম। এটি আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। বাসাটি পর্যটকদের চলাচলের জায়গার কাছাকাছি হওয়ায় সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো জরুরি।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, ভিমরুল এক ধরনের শিকারি পতঙ্গ। এরা সামাজিকভাবে বসবাস করে এবং দলবদ্ধভাবে বাসা তৈরি করে। বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রকৃতির খাদ্যশৃঙ্খল সচল রাখতেও এদের ভূমিকা রয়েছে।
বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ভিমরুলের বাসাটি সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। পর্যটকরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাসাটি দেখতে পারেন এবং কেউ যেন সেটির ক্ষতি না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’