ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট দাবি করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তাকে প্রত্যর্পণ করতেই হবে।
তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে ধারাবাহিক ও সুস্পষ্ট।
গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান স্পষ্ট। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
আইনমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি (শেখ হাসিনা) এখন আর আপিলেরও সুযোগ পাবেন না। আপনারা দেখেছেন এটা, সেটা তার বাবার তৈরি করা আইনই ছিল। সুতরাং আমরা ওই আইনটাই ফলো করছি।
শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি-না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। সরকারের (দুই দেশের) মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেবে, সেটিও তিনি বিশ্বাস করেন না।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি-না, এমন প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, একেবারেই না, একেবারেই না।
গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থাকার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনে নিজেদের সন্ত্রাসী কর্মকা- চালানোর সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ছিল ন্যায্য। শ্রমিকরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, সরকারকে চাপে পড়তে হয়। কারণ সমস্যাগুলো সরকারকেই সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্য প্রত্যেকের বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ভীতি ছড়ানোর চেষ্টা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।
তিনি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকা-ও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।
আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।
তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক।
গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপদেষ্টা এ সময় জানান, গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, খুব বেশি দেরি হবে না। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।