সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের গ্রেপ্তার চাইলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এ দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। তারপরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এ সংসদ সদস্য বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।
নাজিবুর রহমান বলেন, আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এ ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।
রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। তারা রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা ও গ্রেপ্তারের দাবি জানান।