আইনমন্ত্রী বললেন

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সহযোগিতা চাই

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচারও হবে। একই সঙ্গে মেজর সিনহা, বিশ্বজিৎ ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে।

গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সহযোগিতাও চান তিনি।

আইনমন্ত্রী বলেন, গত ১৯ মে শিশু রামিসাকে প্রতিবেশী সোহেল রানা ধর্ষণ ও হত্যা করেন। আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদন্ড দেওয়া হয়। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ মামলার আপিলও স্বল্পতম সময়ে নিষ্পত্তি হয়েছে। রামিসার বাবা প্রথমে মামলা করতে চাননি। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করেছে।

শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ হত্যাকা-ের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে। গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সহযোগিতাও চান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত