পর্তুগালের ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বলেছেন, ‘কী কী সম্ভব, তা মানুষকে দেখানোর মাধ্যমে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ধরনের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় অন্যদের উপলব্ধি করতে সহায়তা করে যে, তারাও যেখান থেকেই আসুক না কেন, বড় কিছু অর্জন করতে পারে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল আমারিতে ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল : ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অক্সফাম ইন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বক্তারা।
ব্রিজ টু বাংলাদেশ (বিটুবি) একটি প্রবাসী-নেতৃত্বাধীন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ। এর লক্ষ্য কাঠামোবদ্ধ ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে দেশের উন্নয়ন অগ্রাধিকারের সংযোগ স্থাপন করা।
অনুষ্ঠানে ডাচেস অব কোইমব্রা বলেন, ‘মানুষকে বিশ্বাস করতে হবে যে সবকিছুই সম্ভব। তাদের আরও বড় স্বপ্ন দেখতে হবে, নিজেদের তৈরি করা সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে, তারা নিজেদের কল্পনার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম।’
অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেন, ‘আমাদের এমন উপায় খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে প্রবাসী সম্প্রদায়কে দেশের ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক ভাবমূর্তি তুলে ধরার দূত হিসেবে গড়ে তোলা যায়।’
২০২২ সালে লন্ডনে অক্সফামের ৫০ বছর পূর্তি উদযাপনের সময় একটি ধারণা হিসেবে এ উদ্যোগের সূচনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আনুমানিক ২১ থেকে ২৪ লাখ বাংলাদেশির জ্ঞান, দক্ষতা, যোগাযোগের নেটওয়ার্ক ও সম্পদকে দেশের উন্নয়নে কাজে লাগানোই এ উদ্যোগের লক্ষ্য।
অক্সফাম ইন বাংলাদেশ অন্তর্বর্তী সচিবালয় হিসেবে বিটুবিকে প্রাথমিক পর্যায়ে পরিচালনা করে।
প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পরিসংখ্যান ও ফলাফলবিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস, লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত। তিনি বলেন, ‘নতুন স্বাধীন বোর্ড সদস্যদের অধীনে বাংলাদেশের প্রবাসী সম্প্রদায় দেশের মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারবে এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এর ফলে প্রবাসী সম্প্রদায়ের অবদান থেকে বাংলাদেশ উপকৃত হতে পারবে।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিটুবি অ্যাডভাইজরি বোর্ডের চেয়ার বিবি রাসেল। তিনি বলেন, ‘আমি গ্রামের মানুষের সঙ্গে কাজ করি, তাদের দক্ষতা বিকাশে সহায়তা করি এবং তাদের মর্যাদা রক্ষায় কাজ করি। পৃথিবীর কোনো কিছুই আমাকে এ কাজ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার ব্যাপারে আমার অঙ্গীকার অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল : ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহুরা। এ ছাড়া ব্রিজ টু বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরেন অক্সফাম ইন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অ্যান্ড কনটেন্ট কর্মকর্তা শামেরুল হুদা।