সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের ‘একটি মোরগের কাহিনি’

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তার কবিতা অবলম্বনে আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে নাটক ‘একটি মোরগের কাহিনি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। আগামী ২০ নভেম্বর খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। দ্বিতীয় মঞ্চায়ন হবে ২৪ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে, আরণ্যক আয়োজিত সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে।

আরণ্যক জানায়, সুকান্তের জন্মশতবর্ষ উপলক্ষে ২৪ নভেম্বর ‘হে মহাজীবন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, তার কবিতা আবৃত্তি, গান, গানের সঙ্গে নৃত্য এবং তার কবিতা অবলম্বনে নির্মিত নাটক ‘একটি মোরগের কাহিনি’ মঞ্চস্থ হবে।

আরণ্যকের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, সুকান্তকে শতবর্ষী মনে করতেই পারছি না। একুশ বছরেই যেন সে আটকে আছে। সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন। মহাজীবনের স্বপ্ন দেখেছিলেন। রানারের রাত ভোর হওয়া পর্যন্ত ছবি এঁকেছিলেন। যদিও সুকান্তের সাহিত্যের ইতিহাস খুব দীর্ঘ নয়, কিন্তু এই অল্প সময়েই তিনি আমাদের মেহনতি মানুষের পক্ষে কথা বলা শিখিয়েছিলেন। আরণ্যক নাট্যদলও একই রকম আদর্শ নিয়েই নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে নিয়ে আমাদের এই আয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত