বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়নি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন দাবি করে বলেন, ফ্যাসিবাদীর প্রশ্নে দেশের সব জনগণ ঐক্যবদ্ধ। এ কারণে আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও বাংলাদেশের প্রতি বিশ্ববাসী ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মুখপাত্র এ দাবি করেন।

মাহ্দী আমিন বলেন, ‘আমরা দেখছি যে, অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তির নাশকতায় এবং সহিংসতা সত্ত্বেও গণতান্ত্রিক সরকারের ওপরে আমরা বিশ্ববাসীর এবং বিনিয়োগকারীদের আস্থা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমরা গত কয়দিনে তাদের যে সহিংসতা দেখেছি দেশে ও বিদেশে, তাদের যে নাশকতা দেখেছি তা এটাই প্রমাণ করে কেন ঘৃণিত এবং ধিকৃত অবস্থায় তাদের ফ্যাসিস্ট নেত্রী পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা, সংসদ সদস্য এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ সবাইকে চলে যেতে হয়েছিল?’

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে  তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার আইনের অনুশাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদীর প্রশ্নে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ঐক্যই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত