হাসিনা পরিবারের বিরুদ্ধে রেড নোটিস ইন্টারপোলের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মোট ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটিতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।এ ছাড়া তাদের নামে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিস পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দুদক সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানান।

দুদক সচিব বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ২৪টি মামলার মধ্যে ছয়টির রায় হয়েছে। এসব মামলা মূলত ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত। বাকি মামলাগুলোর মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটিতে চার্জশিট দেওয়া হয়েছে। পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। পাশাপাশি ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫ জনের ইমিগ্রেশন কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের নামে রেড নোটিস পাঠানো হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাজ্যে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।

মামলাগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে দুদক। যৌথ তদন্ত দল ও অনুসন্ধান কর্মকর্তারা এসব মামলা নিয়ে কাজ করছেন। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং তথ্যপ্রমাণ সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি মামলার মান বা তদন্তের মান রক্ষার ওপর। যাতে সঠিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ উপস্থাপন করতে পারি। মামলার সঙ্গে অনেক বিষয় জড়িত। আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের সম্পদ উদ্ধারের বিষয়টিও রয়েছে।’

বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, দেশের আইন অনুযায়ী বিদেশে অবস্থানরত আসামিদের সরাসরি গ্রেপ্তার করা সম্ভব না হলে রেড নোটিস জারির উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনাই এর উদ্দেশ্য। এ পরিবারের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ রয়েছে। এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। বাকি ১২টি অভিযোগ পেন্ডিং রয়েছে। তবে এসব অভিযোগের নথি বিশ্লেষণ করলে আরও প্রায় ৩৭টি মামলা করার মতো উপাদান পাওয়া যেতে পারে। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যিনি অপরাধ করেছেন, দেশীয় আইন অনুযায়ী তার যে সাজা প্রাপ্য, তা নিশ্চিত করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত