পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি শুধু ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এ সেমিনারের আয়োজন করে।
রিজভী বলেন, দেশে উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হতো না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন। বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব এসব মেধাবী ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অন্য দেশ বাংলাদেশের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কৌশল ও নীতিমালা প্রয়োগের সুযোগ পাবে।
প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন।
প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নৈতিকতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে রিজভী বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ দেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এ কারণে সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর নিয়ন্ত্রণব্যবস্থা ও আইন প্রণয়ন জরুরি।
সেমিনার শেষে আয়োজকদের উদ্দেশে রিজভী বলেন, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সংক্ষিপ্ত আকারে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া উচিত। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী