বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টায় এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত