পাজকে নিয়ে ‘রোমাঞ্চিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে’ 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

আর্জেন্টিনা যখন তারুণ্যনির্ভর এক নতুন ভবিষ্যতের পথ খুঁজছে, তখন সেই রূপান্তরের গল্পে সবচেয়ে বড় অনুঘটক হয়ে আবির্ভূত হয়েছেন নিকো পাজ। কর্দোবায় আজ কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার রাতে জোড়া গোল করে ফের শিরোনাম বনে এই তরুণ প্লে-মেকার।

ইতালিয়ান ক্লাব কোমোতে আলো ছড়ানোর পর এবার জাতীয় দলের জার্সিতেও শেষ পাঁচ ম্যাচে পাঁচটি গোল করে নিজেকে অপরিহার্য করে তুলেছেন তিনি। মাঠের লড়াইয়ে তাঁর এই ধারাবাহিকতা এবং পরিণত মানসিকতা শুধু ভক্ত-সমর্থকদেরই নয়, মুগ্ধ করেছে বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকেও।

কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন পাজ। মাঝমাঠে তাঁর সৃজনশীলতা, নিখুঁত পাসিং এবং প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করার ক্ষিপ্রতা আর্জেন্টাইন মিডফিল্ডে নতুন প্রাণ সঞ্চার করেছে। শুধু গোল করা বা করানোই নয়, ম্যাচের কঠিন পরিস্থিতিতে তরুণ বয়সেও দলের আক্রমণভাগের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার দারুণ এক ক্ষমতা দেখিয়েছেন তিনি। আর তাতেই কোচ স্কালোনির মনে পাকা জায়গা করে নিয়েছেন এই উদীয়মান তারকা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তরুণ এই মিডফিল্ডারের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। পাজের পরিপক্বতা ও দলের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয় নিকো এমন একজন খেলোয়াড় যে দলকে আরও অনেক কিছু দিতে পারে। আগের দিনটির মতো আজও সে দারুণ খেলেছে। তাকে দেখে একজন প্রকৃত ফুটবলারের মতোই মনে হয়; যখন কঠোর হতে হয় এবং ভুল করার ঝুঁকি নিতে হয়, সে তা করে, আবার যখন ভালো খেলার প্রয়োজন হয়, সেটিও করে।’

পাজকে নিয়ে রোমাঞ্চের কথা জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘সে এখনো তরুণ বলে আমরা তার যত্ন নেব, তবে আমরা তাকে নিয়ে ভীষণ খুশি। এই দুটি ম্যাচে সে খুব ভালো খেলেছে, অনেক সময় নিজেই দায়িত্ব তুলে নিয়েছে। তাই অন্য ছেলেদের মতো তাকে নিয়েও আমাদের রোমাঞ্চিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’ 

এদিকে কোচ স্কালোনির এমন প্রশংসার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন পাজও। এই জার্সির প্রতি ভালোবাসা ও অর্জিত সম্মানের কথা জানিয়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি, এই জার্সির প্রতিনিধিত্ব করাটাই সর্বোচ্চ সম্মান। বিশেষ করে আজকের মতো দিনে, এত মানুষ আর ভালোবাসার মাঝে খেলতে পেরে আমি দারুণ আনন্দিত।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত