শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং অতীতের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আগ্রহের কথা জানান।

সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে নেওয়া ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ রোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।

সাক্ষাৎ ও সৌজন্য গ্রহণের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত