হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ ও দায়িত্ব বাড়িয়ে সেবার মান উন্নয়ন এবং খাতটির অগ্রগতিতে তাদের দক্ষতা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরবের মক্কা চেম্বার অব কমার্স।
এ লক্ষ্যে সম্প্রতি মক্কায় নারীদের নেতৃত্ব ও উন্নয়নবিষয়ক এক আলোচনা সভার আয়োজন করেছে সংস্থাটি। এতে হজ ও ওমরাহ খাতের পরিকল্পনা, পরিচালনা ও সেবার মানোন্নয়নে নারীদের ভূমিকা এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে তাদের অবদান নিয়ে আলোচনা হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, সভায় হজ ও ওমরাহ খাতের বিভিন্ন পর্যায়ে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, পরিচালন কার্যক্রমের তদারকি, মানসম্মত সেবা নিশ্চিত এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে তাদের দক্ষতা কাজে লাগানোর বিষয়টি আলোচনায় উঠে আসে। এর মাধ্যমে হাজি ও ওমরাহ পালনকারীদের পুরো সফরে সেবার অভিজ্ঞতা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, জাতীয় মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সেবার মান বাড়ানো এবং খাতটির সক্ষমতা উন্নয়নে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য তাদের নেতৃত্বের সুযোগ তৈরি করা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
এসব উদ্যোগের মাধ্যমে প্রতিযোগিতামূলক জাতীয় সক্ষমতা গড়ে তোলা, হজ ও ওমরাহ খাতের অগ্রগতি ত্বরান্বিত করা এবং হাজি ও ওমরাহ পালনকারীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
হজের নিবন্ধন করবেন যেভাবে