এইচআরএসএস'র গোলটেবিল বৈঠক

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীরা। তারা এই আইনের বিতর্কিত ধারা সংশোধনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. নুর খান, ডেইলি 'ওয়াদা'র সম্পাদক শফিকুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের উপদেষ্টা ব্যারিষ্টার প্রিয়া আহসান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মশরুর, ডেইলি স্টারের জেষ্ঠ্য প্রতিবেদক জাইমা ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সহকারী মানবাধিকার বিষয়ক কর্মকর্তা সায়মা শ্যানন প্রমুখ।

এসময় মতপ্রকাশের কারণে ভুক্তভোগী হওয়ায় নিজ অভিজ্ঞতা, ভোগান্তির বিষয়ে বর্ণনা দেন ময়ময়সিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারকে সমালোচনা করে ক্ষোভ প্রকাশের মাধ্যমে আটক হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী ও চিফ হুইপকে নিয়ে সমালোচনায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামি কন্টেন্ট কিয়েটর এ এম হাসান নাসিম।  

আলোচনার শুরুতে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা: বিতর্কিত ধারাগুলো সংশোধনের আহ্বান’ শীর্ষক সুপারিশ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা পরিস্থিতির উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএস’র মনিটরিং অফিসার আবু সাদাত মোহাম্মদ সায়েম। 

নুর খান তার বক্তব্যে বলেন, ‘একের পর এক হওয়া ডিজিটাল ও সাইবার আইনের প্রায় একযুগ পার হচ্ছে। কিন্তু আসল ফলাফল কি আসলো?' তিনি বলেন, 'সাধারণ নাগরিকের কিন্তু সুরক্ষা হচ্ছে না; সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে বা তার কর্মীদেরকে। কেউ যদি যৌক্তিক সমালোচনাও করেন, আমরা দেখছি তার খেসারতও তাকে দিতে হচ্ছে। এমনও হয় একজন সাংবাদিক বা সম্পাদক শতাধিক মামলার আসামী হয়ে যায়। তার এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌঁড়াতে দৌঁড়াতে সময় চলে যায়।'

তিনি বলেন, 'মানহানির বিষয়টা নিয়েই আমাদের বেশি সমস্যা, সুতরাং মানহানির বিষয়টাকে গুরুত্ব না দিয়ে হালকা করে দেখলে ভাল হয়। কারণ এতে মানুষের হয়রানি হতে পারে। সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।'

শফিকুল আলম বলেন, সাইবার সুরক্ষার আইনে যদি কোন ধরনের কোন কারাবাস থাকে, তা আমরা চাই না। এই বিষয়ে নাগরিক সমাজ, হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং সাংবাদিক সমাজ-সবাই মিলে সোচ্চার হওয়া উচিত।'  

তিনি আরও বলেন, 'আমরা দেখছি সাইবার আইন কার্যকর হয়েছে আর যে বিষয়গুলো সংশোধনীতে আনা হচ্ছে, তা নিয়ে নানা পক্ষ থেকে মিটিং হয়েছে। সাংবাদিকদের থেকে লিখিত তথ্য নেওয়া হয়েছে, মতামত নেওয়া হয়েছে, যা নিয়ে তারা সংশোধন করতে চাচ্ছেন। আসলে সাইবার আইনের মূল  বিষয় হবে মত প্রকাশে আমার স্বাধীনতা কতটুকু?'

প্রিয়া আহসান চৌধুরী বলেন, যদি কথা বলার সুযোগ না থাকে, তথ্যের অবাধ প্রচারণা যদি না থাকে, তাহলে অপতথ্য ছড়ানোর সুযোগ আরও বেশি তৈরি হবে। এজন্য শুধু আইন দিয়েই হবে না, কিছু ইনস্টিটিউশনাল পরিবর্তন দরকার।'

তিনি বলেন, 'পুনরায় খসড়া আইনে কথা বলার অপরাধগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা হয়েছে। এতে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যায়, প্রি-ট্রায়াল হয়রানিটাই এখানে মূল শাস্তিতে পরিণত হচ্ছে।'

গোলটেবিল বৈঠকে এইচআরএসএস সরকারের প্রতি  ১১ দফা সুপারিশ ও দাবি তুলে ধরে। এগুলো হলো- ১. প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআর'র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করতে হবে ২. সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দিতে হবে এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করতে হবে ৩. গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করতে হবে। কেবল ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ রাখা যাবে না ৪. রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দিতে হবে ৫. অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে ৬. মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করা  এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে ৭. তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করা ৮. নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে ৯. জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন, বহুপক্ষীয় ও দলনিরপেক্ষ করতে হবে; জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে হবে, বেসরকারি বিশেষজ্ঞদের স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করতে হবে ১০. ধারা ৫২-এর দায়মুক্তির সঙ্গে বেআইনি গ্রেপ্তার, অন্যায় কনটেন্ট ব্লক বা ক্ষমতার অপব্যবহারের শিকার নাগরিকের জন্য ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকারের বিধান যুক্ত করতে হবে এবং ১১. প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অর্থবহ আলোচনার আয়োজন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত