কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’। শব্দটির অর্থ হলোÑ দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে থাকা গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধারণ করেছে বলে জানিয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড। খবর এএফপির
ফ্রান্সেসকা উডওয়াড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারেÑ এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে। তিনি বলেন, ‘মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’ এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান। কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান- মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক) এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বাড়তে দেখেছেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ বলে উল্লেখ করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে আমাদের ধারণা বদলে যাচ্ছে।