জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুমোদিত প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। পাশাপাশি রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্র্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় বৃদ্ধি করা হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।
পানিসম্পদ মন্ত্রণালয়ের দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধির প্রকল্পে ৬ হাজার ৯২২ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
এদিকে সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। প্রকল্পগুলো হলো কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন; জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা; জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন; কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ; টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন ও উন্নয়ন; বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি; মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার; মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা; রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন এবং টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্পও রয়েছে।